বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা একাত্তরের মুক্তিযুদ্ধ। এ যুদ্ধকে কেউ বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করে মিত্র বাহিনী হিসেবে পরিচিত ভারতীয় সেনাবাহিনী। তাই নিয়মিত বাহিনীর যুদ্ধ এটি। আবার কেউ কেউ বলেন, সাধারণ জনগণ লড়েছে এ যুদ্ধে, তাই এ যুদ্ধ জনগণের যুদ্ধ, জনযুদ্ধ। কিন্তু এ দৃষ্টিভঙ্গীতে এখনো দেখা হয়না মুক্তিযুদ্ধকে।
মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অসহযোগ আন্দোলন, যে আন্দোলনে সাধারণ জনগণ কয়েকটি সেনানিবাসে আটকে ফেলে পাকিস্তানকে। মুক্ত হয় সমগ্র বাংলাদেশ। এপ্রিলের প্রথম সপ্তাহে পাকিস্তান আবার দখল করে নেয় মুক্ত বাংলাদেশকে। শুরু হয় মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব। এ পর্বে বাংলাদেশের ভিতরে এবং ভারতে প্রশিক্ষণ পাওয়া মুক্তিযোদ্ধারা লড়তে শুরু করে জনগণের সহযোগিতায়। ডিসেম্বরে এসে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় মুক্ত হয় বাংলাদেশ। তখন মফস্সল অঞ্চলের পাকিস্তান প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা পালিয়ে যায় প্রশাসন ছেড়ে। মুক্তিযোদ্ধারা তাদের মেধা অনুয়ায়ী গড়ে তোলে 'মুক্তিযোদ্ধা প্রশাসন।' আসে প্রবাসী সরকার, মুক্তিযোদ্ধাদের বিদায় করে বাংলাদেশের দায়িত্ব নেয়। সে দৃষ্টিভঙ্গী থেকেই দেখার চেষ্টায় 'মুক্তিযুদ্ধ জনযুদ্ধ'।