মধু আসেনি? আমিই মধু। দ্রুতগতির উকিল সাহেব দাঁড়িয়ে পড়লেন, তারপর চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে মধু নামক হুইল-চেয়ারে বসে-থাকা লোকটিকে পর্যবেক্ষণ করতে লাগলেন। মৃদু হেসে বললেন, যেভাবে দাড়িটাড়ি রেখে বৃদ্ধ সেজে বসে আছেন, চেনার উপায় কী! মধু একথার কোনো উত্তর করল না। নীরবে হাসল। হাজিরা দিয়েছেন? এই তো আমি হাজির। আহা! আপনি হাজির যে তো দেখতেই পাচ্ছি। আপনার হাজিরা উকিল সাহেব দাখিল করেছে কিনা? করেছে মনে হয়। মুহুরিকে তো দেখলাম। ঠিক আছে আমি রেকর্ড দেখছি। উকিল সাহেব এজলাসে ঢুকে গেলেন।