জ্ঞাত ইতিহাসের শুরু থেকেই বঙ্গোপসাগরের কোল ঘেষে গড়ে ওঠা বদ্বীপ আমাদের আজকের বাংলাদেশ। ভারত উপমহাদেশের ইতিহাস ধর্ম ও সংস্কৃতির সংকরায়নের ইতিহাস। সম্পদ ও সভ্যতার বিশাল সমৃদ্ধির এ অঞ্চল বৈদেশিক আগ্রাসনের শিকার হয়েছে বারবার। কিন্তু ইতিহাসের হাজারো ঘাত-প্রতিঘাতকে সামাল দিয়ে বাংলার এই ক্ষুদ্র জনপদটুকু স্বীয় স্বাতন্ত্র্য ও মূল্যবোধকে বরাবর টিকিয়ে রেখেছে। পরাধীনতা ও ঔপনিবেশিক দাসত্বের বেড়াজালে কখনোই দীর্ঘমেয়াদে আটকে রাখা যায়নি এই জনপদের মানুষকে।
মুসলিম জাতীয়তাবোধ আর স্বাধীনতার মূল্যবোধকে আঁকড়ে ধরে আটশ বছরেরও অধিককাল এই জনপদের মানুষ ইতিহাসের নানা বাঁক পাড়ি দিয়েছে। পথচলার প্রতি পদে পদে মাথা তুলে দাঁড়াবার সংগ্রামে নিষ্ঠা, ত্যাগ ও নেতৃত্বের বলিষ্ঠ ঐতিহ্য গড়ে তুলেছে। সেই আখ্যানের এক ঝড়ো এবং অনবদ্য বিবরণ এই বই।
নতুন প্রজন্মকে আত্মপরিচয়ের জিজ্ঞাসায় সাবলীল আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলার জন্য ইতিহাসের এই পরিচ্ছন্ন গ্রন্থনাতে অবগাহন করতেই হবে।