চিন্তার জগতে জহিরুল ইসলাম রচিত `মূর্তি ও ভাস্কর্য : বয়ান—প্রতিবয়ান' গ্রন্থটি সাম্প্রতিক সময়ে একটি আলোড়িত নাম। দীর্ঘকাল ধরে ‘মূর্তি ও ভাস্কর্য’ বিষয়টি নিয়ে আমাদের দেশের আলেমসমাজ এবং ধর্মনিরপেক্ষতাবাদী বুদ্ধিজীবী মহলে বিতর্ক বিদ্যমান। একদল পক্ষে, অন্যদল বিপক্ষে। অথচ নির্মোহভাবে বিচার করলে দেখা যায় যে, বিষয়টি ইসলামের সাথে সাংঘর্ষিক।
কুরআন—হাদীসে বিষয়টিকে সম্পূর্ণ হারাম বা নাযায়েজ ঘোষণা করলেও গায়ের জোরে কেউ কেউ হারামকে হালাল প্রমাণের দুঃসাহস দেখাচ্ছে। এমনকি কুরআন—হাদীসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বর্তমান বিশ্বে মূর্তি ও ভাষ্কর্যের ব্যবহার সর্বত্রই লক্ষ্য করা যায়। বিষয়টি নিয়ে বর্তমান সময়ে পাশ্চাত্য ধারার ধর্মনিরপেক্ষতাবাদী একশ্রেণির বুদ্ধিজীবী ইসলাম বিদ্ধেষী বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই বিষয়টির সুরাহা হওয়া জরুরি। এর বিরুদ্ধে ওলামায়ে কেরামের পক্ষ থেকে দলিলভিক্তিক সমৃদ্ধ কোনো রচনা গ্রন্থকারে পাওয়া যায়নি। অথচ পাঠক মহলে এ বিষয়ে তথ্য—উপাত্তনির্ভর গ্রন্থের ব্যাপক চাহিদা রয়েছে। এ উপলব্ধি থেকে ‘মূর্তি ও ভাস্কর্য’ বিষয়ক পাণ্ডুলিপিটি আমাদের হাতে আসার পর আমরা উক্ত বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি। পাণ্ডুলিপিটি সম্পাদনার জন্য বহুগ্রন্থ প্রণেতা, বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মদ মূসা সাহেবকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি অক্লান্ত পরিশ্রম করে পাণ্ডুলিপিটি মানসম্মত ও গ্রহণযোগ্য করে তুলেছেন।
তিনি এ গ্রন্থের প্রারম্ভে যুক্তির আলোকে একটি মুখবন্ধ যুক্ত করেছেন। আশা করা যায়, বইটি পাঠক মহলে ব্যাপক সমাদৃত হবে এবং তা পাঠে ‘মূর্তি ও ভাস্কর্য’ বিষয়ে আমাদের সমাজে বিদ্যমান বিতর্কের অবসান ঘটবে।