গণিতের জেমস বন্ড
রাফাতের বয়সী ছেলেমেয়েরা যখন ভিডিও গেম খেলে, মুভি দেখে, বসে বসে গল্প করে সময় কাটায়, রাফাত তখন গণিতের বিভিন্ন মজার বিষয় নিয়ে গবেষণা করে। সে গণিতের অনেকগুলো ম্যাজিক ট্রিক্স আবিষ্কার করে। রাফাত প্রায়ই এই ম্যাজিক ট্রিক্সগুলো তার বন্ধুদের দেখায়। এগুলো দেখে সবাই অবাক হয়ে যায়। রাফাতের দেখানো ম্যাজিকগুলো বন্ধুদের এতটাই মুগ্ধ করে যে একদিন বন্ধুরা তাকে ‘গণিতের জেমসবন্ড’ উপাধি দেয়। প্রকৃতপক্ষে রাফাত এখানে একটি প্রতীকী নামমাত্র। গণিত ভালোবেসে যারাই গণিতকে নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তারা সবাই গণিতের জেমসবন্ড।
অঙ্ক ভাইয়া
চমক হাসান বইটি লিখেছেন সেইসব কিশোর বয়সী শিক্ষার্থীদের কথা ভেবে যাদের মাথায় অঙ্ক নিয়ে অনেক প্রশ্ন কিন্তু ভয়ে তারা প্রকাশ করতে পারে না।
টিনা, বান্টি, তন্বী, পৃথ্বী, ওরা সবাই দুরন্ত কিশোর। ওদের মনে গণিত নিয়ে হাজারো প্রশ্ন, উত্তর মেলে না কিছুতেই! ওরা তখন আশ্রয় খোঁজে অঙ্ক ভাইয়ার কাছে। কোত্থেকে এলো, কোথায় কাজে লাগে, এটা এমন কেন, অমন নয় কেন, এটা শিখে কী হয়, ওটার মূল ঘটনাটা কী- এমনসব প্রশ্নের উত্তর ‘অঙ্ক ভাইয়া’ দিয়ে যান পরম মমতায়।
বাংলাদেশের আয়তন নাকি ক্ষেত্রফল, পেঁয়াজকুচি পদ্ধতিতে গোলকের আয়তন, পিথাগোরাস দিয়ে আইনস্টাইন, ফাংশনের বৃত্তান্ত, পৃথিবীর সুন্দরতম সমীকরণ, ঋনাত্মক সংখ্যার লসাগু-গসাগু, গিটারের গণিত, হাতে কলমে ঘনমূল, সাইন কসের নাম রহস্য, লগ এর ভিতরের কথা, অসমতার চিহ্ন – এমন চিন্তাগুলো যদি কারো মনে কৌতূহল জাগায়, তবে এই বইটি বড়দের জন্যও কম উপকারী হবে না!