ইতিহাস স্যার জিজ্ঞেস করলেন, বল দেখি মহাত্মা গান্ধীকে কে খুন করেছিল?
রতন উত্তর না দিয়ে উদাস ভঙ্গিতে জানালার দিকে তাকিয়ে থাকে। স্যার ধমক দেন, বল গান্ধীকে কে খুন করেছিল? আমি কী করে জানব স্যার! আমি তো খুন করিনি। কাউকে করতেও দেখিনি।
ক্লাস এইটের ছেলের এই উত্তরের পর যে কারোরই মাথা ঠাণ্ডা রাখা কঠিন। কাজেই রতন আচ্ছা একটা ধোলাই খেলো। ইতিহাস স্যার শুধু ধোলাই দিয়েই খুশি হন না, তিনি খুশি হন ধোলাইয়ের প্রতিক্রিয়ায়। মার খেয়ে কেউ 'বাবাগো-মাগো' বলে চেঁচিয়ে উঠলে তবেই তার শান্তি। মা-বাবা বা এই জাতীয় কাউকে সাহায্যের জন্য না ডাকা পর্যন্ত তাই নিস্তার নেই। কিন্তু রতন কাউকে ডাকে না। এমনভাবে মার হজম করে যায় যে দেখে মনে হয় এগুলো শরীরে মশা-মাছি বসার মতোই ব্যাপার। এখন স্যার কী করেন! আমরণ তো আর পেটানো যায় না।