আল্লাহ তা'আলা সকল ঈমানদারকে নির্দেশ দিয়েছেন, أَقِيمُوا الصَّلوٰة তোমরা ছালাত (নামায) কায়েম কর। 'নামায কায়েম করা' আর 'নামায পড়া' কি এক কথা? যদি তা না হয়, তাহলে আমাদের জানতে হবে কিভাবে নামায কায়েম করা যায়। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তা করেছিলেন কিভাবে, আর তাঁর সাহাবীগণ বিশেষ করে খুলাফায়ে রাশেদীন (রা) এ বিষয়ে রাসূলের (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) অনুসরণ করেছিলেন কিভাবে?
কালিমা তাইয়্যেবার মাধ্যমে আল্লাহকে একমাত্র ইলাহ ঘোষণা দেয়ার সাথে সাথেই নামায আদায়ের হুকুম বর্তায়। আল্লাহকে একমাত্র ইলাহ মেনে নেবার চুক্তিবদ্ধ হবার সাথে সাথে নামায পালনের হুকুম পালন অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়ায়। হাদীসের শিক্ষা অনুযায়ী নামাযের সাথে ঈমানের সম্পর্ক এমন দৃঢ়তার সাথে জড়িত যে নামায ছাড়া ঈমানের অস্তিত্বই থাকে না। ঠিক যেমন করে অক্সিজেন ছাড়া মানবসহ যমীনে বিচরণশীল কোন প্রাণীর জীবিত থাকার কথা কল্পনা করা যায় না।