যিনি এই আসমান-যমীন, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র, পাহাড়-পর্বত, সাগর-
প্রান্তর, বন-জঙ্গল, কীট-পতঙ্গ, জীব-জানোয়ার, ইনসান-জ্বিন-ফেরেস্তা ইত্যাদি সৃষ্টি করিয়াছেন, অর্থাৎ এক কথায় এই সৃষ্টি জগতের দৃশ্য-অদৃশ্য, কল্পনীয়-অকল্পনীয় সমস্ত কিছুর যিনি স্রষ্টা, তিনিই আল্লাহ তা'আলা। তিনিই সকল কিছুর মালিক। তাঁহার হুকুমেই এই বিশ্বজগত পরিচালিত হইতেছে।
প্রত্যুষে সূর্যোদয়, সন্ধ্যায় সূর্যাস্ত, রাত্রে চন্দ্রোদয়, পর্যায়ক্রমে দিবা-রাত্রি; এসব কেবল তাঁহারই নির্দেশে সংঘটিত হইতেছে। তাঁহারই নির্দেশে বায়ু প্রবাহিত হইতেছে, জোয়ার-ভাটা হইতেছে। আবার বিশ্ব মখলুকের সৃষ্টিকর্তা যেমন তিনি, ইহার রক্ষাকর্তাও তিনি। তাঁহার ইচ্ছা ব্যতিরেকে এক মুহূর্তও কেহ বাঁচিয়া থাকিতে পারে না। এক দণ্ড কিছু স্থায়ী থাকিতে পারে না। তাঁহার ইচ্ছাক্রমেই সকল প্রাণী জীবন ধারণ করিয়া আছে।