গত শতাব্দীর চল্লিশ ও পঞ্চাশের দশকে তেভাগা আন্দোলনের মাধ্যমে কৃষক বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। ইলা মিত্রের নেতৃত্বে সংগঠিত বহুখ্যাত নাচোল বিদ্রোহ সেই কৃষক বিদ্রোহেরই এক তেজস্বী অঙ্গ। একদিকে নারী নেতৃত্ব, অন্যদিকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নিপীড়িত শ্রেণীর জোতদারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নাচোল বিদ্রোহকে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। এ বৈশিষ্ট্যকে ধারণ করেই 'ভূমিকন্যা'।
নাচোলের তেভাগা বিদ্রোহের ইতিহাস উপস্থাপন এ নাটকের উদ্দেশ্য নয়, বরং ইতিহাসকে অবলম্বন করে শতাব্দীর মহীয়সী নারী নেতৃত্বের অন্যতম ইলা মিত্রের সমাজ চেতনা ও স্বাধীন নারীসত্তার অনুসন্ধানই 'ভূমিকন্যা' নাটকের উপজীব্য। ইলা মিত্র বুঝেছিলেন প্রান্তবর্গীয় মানুষ তাদের ধর্ম-বর্ণ-জাতি-লিঙ্গ বৈচিত্র্য সত্ত্বেও এক অভিন্ন শোষণ কাঠামোর অধীন। নিপীড়িত মানুষের শ্রেণীসত্তা এক। নাটকে ইলা মিত্র সশরীরে অনুপস্থিত অথচ সর্বত্র প্রবলভাবে তাঁর এই আদর্শের উপস্থিতি।