“নীতিবিদ্যা : তত্ত্ব ও বিশ্লেষণ" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে আমরা নিয়ত একটি প্রশ্নের সম্মুখীন হই, আর তা হলো আমাদের কি করা উচিত? এমন চিন্তা আমাদের অনেক সময় তাড়িত করে যে আমরা কি সঠিক কাজটি করেছি বা করতে পেরেছি? এমন চিন্তার সাথে নীতিবিদ্যা সম্পৃক্ত। দর্শনের চিন্তাধারায় ব্যবহারিক কিন্তু আদর্শনিষ্ঠ চিন্তার ক্ষেত্র হচ্ছে নীতিবিদ্যা। কেবল নিয়ম-নীতির আলোচনার মধ্যেই নীতিবিদ্যা সীমাবদ্ধ নয়, পরানীতিবিদ্যক আলোচনাও এখানে অন্তর্ভুক্ত রয়েছে। নীতিবিদ্যার আদর্শনিষ্ঠ দিকটির উপর যুগ যুগ ধরে দার্শনিক তাত্ত্বিক ব্যাখ্যা চলে আসছে যদিও ব্যবহারিক দিকের আলোচনা গুরুত্ব পেতে শুরু করেছে বিংশ শতাব্দীর শেষ চার দশক থেকে। পরানীতিবিদ্যক আলোচনা আলোড়ন জাগিয়ে ছিল বিংশ শতাব্দীর একেবারে শুরু থেকেই। এ গ্রন্থে নীতিবিদ্যার আদর্শনিষ্ঠ এবং পরানীতিবিদ্যক দিককে কেন্দ্র করে গড়ে ওঠা কয়েকজন বিখ্যাত দার্শনিকের তত্ত্বকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে।