"নীল রতন”- মায়ের দেওয়া আদুরে নাম। অথচ রতনের গাত্রবর্ণ ও শারীরিক কাঠামো কোনোটাই এই নামের তাৎপর্য বহন করে না। রতনের বয়স এক যুগের দশ বছর কম তখন এক নিকট আত্মীয় ওর মাকে বলছিল 'ভাবী ছেমড়াডা অর বাপের লাহান বাউনা অইবো শইলের রংটা ভালো কইরা দেহো। কুপ্পির কালিরেও কয় ঐদিক যা।' মন্তব্যটা গা জ্বালানো হলেও বাস্তব। তদুপরি মা হয়ে নিজ সন্তানের প্রতি এই মন্তব্য সহ্য করা যায় না। তাই তিনি খুব জোরালো প্রতিবাদে বলেন 'আমার পোলা আমার কাছে পূর্ণিমার চান, নীল আসমান তুমি আমার নীল রতনরে আদর দেহাইতে আইয়োনা'।
রতন এখন অনেক বড় হয়েছে। জন্মেও পর অনেক বসন্ত, জ্বলন্ত, মধ্য গগনের সাদাটে গোলক-টিনের চাল-মাটি-মাঠ গড়িয়ে খালে পতিত আকাশ অশ্রু, লম্বা লম্বা সাদা মাথার কাশ বুড়োদের দে দোল ও সাদা কালো ঘন পাতলা ভেসে যাওয়া মেঘের ভেলার অনেক অনেক উপরে চোখ ধাঁধানো নীল আকাশ, শিউলী ঝরা পাতলা কুয়াশা আর লেপ-কাথা মোড়ানো শীত প্রতিরোধ ও ঘন কুয়াশার অসুস্থ সূর্যকে দেখতে দেখতে পেরিয়ে এসেছে।