আমি বাঙালি। যেভাবে, যে-কারণে আমাদের প্রভাংশুদা ত্রিপুরা, মালতিদি চাকমা অথবা মাউচিংকে যেভাবে মারমা মানি এবং পুষ্পিতাকে খিসা জানি এবং এভাবে ক্ষুদ্র জাতিসত্তার আরো অন্তত বত্রিশজন প্রতিনিধির নাম করতে পারি, সেভাবেই স্বয়ং আমি বাঙালি। সিরু বা শওকতের সঙ্গে আমার তফাৎ ওঁরা নামের শেষে বাঙালি লেখেন, আমি লিখি না। কিন্তু আমি বাঙালি। বিশ্বব্রহ্মাণ্ডের যেখানটাতেই আমি যাই, আমার সঙ্গে যায় আমার কপাল সে আমার বাঙালিত্ব।
কারণ, 'মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে, তা মালা-তিলক-টিকিতে কিংবা টুপি-লুঙ্গি-দাড়িতে ঢাকবার জো-টি নেই। নৃতাত্ত্বিক গবেষণার অণুবীক্ষণ যন্ত্র চোখে ধরে হয়তো আবিষ্কার করতে পারেন, কার শরীরে দু-চার ফোঁটা বেশি বা কম আর্য, আরব, পাঠান বা মোগল রক্ত আছে।' কিন্তু আমি যে বাঙালি, এতে কোনো কমবেশি নেই।