নীরদ চৌধুরীর বাংলা প্রবন্ধ (পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ)
নীরদচন্দ্র চৌধুরী’র লেখনী সম্পর্কে সজনীকান্ত দাস যা লিখেছেন তা প্রণিধানযোগ্য: “নীরদচন্দ্র চৌধুরী বিচিত্র মানুষ। বেঁটেখাটো মানুষটি অথচ বিদ্যার জাহাজ। সাত সমুদ্র তেরো নদীর খবর তাঁহার নখাগ্রে ছিল; ফরাসী সাহিত্যের তিনি ছিলেন একনিষ্ঠ ভক্ত এবং সারা পৃথিবীর সামরিকবিদ্যার তিনি ছিলেন মনোয়ারী জাহাজ।”
নীরদ চৌধুরী প্রধানত ইংরেজিতেই লিখতেন। তবে তাঁর বাংলা রচনার পরিমাণও উল্লেখযোগ্য। তাঁর প্রথম বাংলা বই বাঙালী জীবনে রমণী প্রকাশিত হয়েছিল ১৯৬৮ সালে। তখন তাঁর বয়স সত্তর।
নীরদ চৌধুরী শুরু থেকেই সাধুভাষায় বাংলা লিখতেন। সাধুভাষাতে তাঁর আস্থা শেষাবধি অটুট ছিল। ১৩৩৪ সালের ভাদ্রে মাসিক শনিবারের চিঠি’র সূচনা। এ পত্রিকায় স্বনামে-বেনামে তিনি বহু মজাদার লেখা লিখেছেন। সেগুলোর পৃথক সংকলন হতে পারে।
বর্তমান গ্রন্থটি তাঁর তেরখানা ছোট-বড় প্রবন্ধ-নিবন্ধের সংকলন। এ রচনাগুলিতে তাঁর বীশ্ববীক্ষার ইঙ্গিত রয়েছে।
চিন্তার তীক্ষ্মতায়, প্রকাশভঙ্গির সাবলীলতায়, ভাষার গতিশীলতায়, শব্দচয়নের যথার্থ্যে তাঁর বাংলা অনবদ্য। সেই সঙ্গে হাস্য-কৌতুক ও ব্যঙ্গরসের অঢেল মিশেল তাঁর রচনাকে মনোগ্রাহী ও আকর্ষণীয় করে তুলেছে।
প্রচ্ছদের স্কেচ: শিল্পী অনুপ রায়