দুপুর হলে ঘুঘু ডাকে। বুকটা অজানা ব্যথায় কেমন যে করে। কে ছিল আর কে নেই এ প্রশ্ন ব্যাকুল করে তুলে আজ সবাইকে। যুদ্ধ কবে শেষ হবে কেউ তা জানেনা। বিকেল হলো কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সবুজে ঝলমল বসন্তের পৃথিবীটা। কোকিল ডাকে। সন্ধ্যারাতে ডাকে ঝিঁঝিঁ। মাঝরাতে ডাকে পেঁচা কুঁই কুঁই। মা বলেন, এ বড় অলুক্ষণে..! পাশের বাড়ির কণা এসে বলে মাসিমা এত মানুষ ঘরে ফিরে, আমার বাবা কই? মা আঁচলে চোখ মোছে, আর দেখে, খোকা কি দেখে ফেলেছে! কণার বাবা আর খোকার বাবা যে একই সাথে যুদ্ধে গেছে তাতো খোকা জানে!