"নির্বাচিত অরাজনৈতিক প্রবন্ধ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখা:
লেখক অনেকেই হন, তবে মনীষী-লেখক আমরা তাদেরকেই বলি যাদের রচনায় একই সঙ্গে যুগ ও যুগান্তরের স্বপ্ন ও সাধনা মূর্ত হয়ে ওঠে। সদ্যপ্রয়াত আহমদ ছফা ছিলেন আমাদের দেশের সেরকম এক বিরলদৃষ্ট মনস্বিতাসম্পন্ন লেখক। লিপিকুশলতার সঙ্গে মনীষার এমন মণিকাঞ্চন যোগ সচরাচর ঘটে, সব লেখকের বেলায় তো নয়ই। আহমদ ছফার প্রজ্ঞা, মননশীলতা, অন্তর্দৃষ্টি, ইতিহাসবোধ, ঐতিহ্য-সচেতনতা, মানবপ্রীতি, সামাজিক দায়বদ্ধতা তাঁকে সাহিত্যিক পরিচয়ের ঊর্ধ্বে আমাদের কালের এক চিন্তানায়কের মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তাঁর মৃত্যুজনিত শূন্যতা আমাদের মধ্যে এই বোধকে আরও বাড়িয়ে তুলেছে। তাঁর জীবদ্দশায় যারা হয়তো অনেক বিষয়েই তাঁর সঙ্গে একমত ছিলেন না এমনকি তাদের পক্ষেও তাঁর চিন্তার প্রাতিস্বিকতা ও প্রতিভার মৌলিকত্বকে স্বীকার না করে উপায় ছিল না। একইভাবে আজ ও আগামীদিনেও তাঁর রচনার শরণাপন্ন আমাদেরকে হতে হবে।