নিস্তব্ধ রাতের ছায়ার সঙ্গে দৌড়িয়ে চলছে কয়েকজন। তাদের চোখে জিঘাংসার ছাপ। দূরের একটা বাড়ির সামনে এসে আড়াল হয়ে যায়। নিচে থেকে দিব্যি দেখা যাচ্ছে তাদের নিশানা। রাতের অন্ধকার মাখানো কাপড় পরে তারা একে একে উপরে উঠতে থাকে। নিচে একটা ছোটো ছেলেকে রেখে যায় পাহারার জন্য। আশেপাশে তাকিয়ে সে অন্ধকার ভেদ করে সবই দেখছে। নিঃশব্দ পরিবেশ। তার এখনও মনে আছে সেইদিন, যখন সে প্রথম এইসবের সঙ্গে জড়িয়ে ওঠে।
তারপর একদিন একদিন করে এগুলো তার স্বাভাবিক হয়ে যায় আর সে হয়ে ওঠে নিশাচর। উপর থেকে একটু আওয়াজ পেতেই সে উপরে তাকায়। যারা উঠেছিল, তারা একে একে নেমে আসছে। সবার মুখে জড়ানো কালো কাপড়। কিন্তু শুধু তাদের নেমে আসার শব্দই হচ্ছে না। দূরে থেকে আরও একটা আওয়াজ হচ্ছে। 'সাইরেন' সবাই নেমে যেতে যেতে সাইরেনের আওয়াজ আরও স্পষ্টতর হয়ে আসে। কালো রঙের গেঞ্জি পরা একটা ছেলে পাহারা দেওয়া ছেলের কাঁধে হাত দিয়ে তার মুখের কাছে নেমে আসে। চোখের ইশারায় বলে, পাশে দাঁড়ানো আরেকজনের সঙ্গে দৌড়াতে আর যেন পেছনে ফিরে না তাকায়।