বিয়ের পর ফুরফুরে মন নিয়ে স্বপ্নের হাত ধরে আকাশের ছায়াপথে হাটে অগণিত নব দম্পতি। চাতকের মতো অপেক্ষা করে কখন দুটি কচি হাত আকুপাকু করে মুষ্টিবদ্ধভাবে বিজয় নিশান বানিয়ে তুলে ধরবে ঊর্ধ্বে এক নবজাত,আধো আধো বোলে ডাকবে ‘মা’ বলে। দস্যি ছেলের চঞ্চলতায় হিমশিম খাবে বাড়ির সমস্ত লোক আর সেই সাথে তার পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত তবু গর্বিত বাবা-মা। সন্তানের জন্য মানুষের আকুতি চিরন্তন পুরুষ-মহিলা নির্বিশেষে প্রায় সবাই জীবনের কোন এক পর্যায়ে পিতৃত্ব বা মাতৃত্ব অর্জনের জন্য চরম আকাঙ্ক্ষা অনুভব করেন। এমন কি বিয়ে করেও অনেকের জীবনে পিতা-মাতা হবার সৌভাগ্য হয় না। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। একটি সন্তানের অভাবে হাহাকার ভরা তাদের জীবন ঊষর মরুভূমিতে পরিণত হয়। ভুক্তভোগী ছাড়া নিঃসন্তান দম্পতিদের মানসিক যন্ত্রণা বাইরে থেকে অনুধাবন করা সহজ নয়। আর সামাজিকভাবেও তাদেরকে হেয় করা হয়। আটকুড়ে বা বাঁঝা বলে উপহাস করে। বিদেশে ছুটে যান এ সমস্যার সমাধান পেতে। নিঃসন্দেহে এ বই এই ব্যাপারে তাদেরকে সঠিক দিক নির্দেশক দিয়ে পরম বন্ধুর মতো ভূমিকা রাখবে।