বারান্দায় এসে দাঁড়ালো নিতু। বিকেল বেলার লেখাপড়া এই মাত্র শেষ করেছে ও। এসময়ই নিতু বারান্দায় এসে দাঁড়ায়। বিকেলের শেষ আলোয় ওর খুব ভালো লাগে বারান্দাটা। সবসময় সারাবাড়ি জুড়ে কেমন শুনসান নিরবতা বিরাজ করে। শুধু বারান্দাটাকে আলাদা মনে হয় নিতুর কাছে। বারান্দা ছুঁয়ে থাকা গাছ গুলোর ডালপালায় রাজ্যের যতো পাখি দল বেঁধে বসে কিচির মিচির শুরু করে দেয়। তাতে ভেঙে যায় সেই নিরবতা। সারাক্ষণ শুধু ওড়াউড়ি করে পাখিগুলো।
তাতে মেতে ওঠে পুরো বাড়ি। দেখতেও বেশ লাগে নিতুর। বিশেষ করে ভোরে আর শেষ বিকেলে বেশি শোনা যায় পাখিদের ডাক। তখন মনে হয় পাখির জগতে পা ফেলেছে নিতু। ওর কাছে এ বারান্দা আরো ভালো লাগে এজন্য যে, সবসময় বারান্দার উপর হামলে পড়ে থাকে চারদিকের বেড়ে ওঠা গাছা গাছালির ডালপালা গুলো। অবলিলায় হাত দিয়ে স্পর্শ করা যায় তার পাতা। ইচ্ছে করলেই ধরা যায় ডাল। কখনো কখনো ওসব গাছে ফুটে থাকা দু'চারটি ফুলও ছিঁড়ে নিতে পারে নিতু। কোন কোন ফুলে খুব সুন্দর গন্ধ জড়ানো থাকে।