আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেমন ছিলেন কলকাতার সেই সাদা-কালো যুগে? কোথায় কোথায় থেকেছেন, কোন কোন পথ তাঁর পদচারণায় মুখরিত হয়ে উঠতো, কোথায় কোথায় বসেই বা তিনি রচনা করেছেন এতো এতো সব নান্দনিক সৃষ্টিকর্ম! পাশাপাশি ডি. এম. লাইব্রেরিতে কেমন কেটেছে কবির সেই দিন গুলো! আমার মনে হয় এটা শুধু আমার নয় নজরুল প্রেমী তো বটেই; সাধারণ মানুষের মাঝেও এই উন্মাদনার শেষ নেই।সে সকল বিষয় নিয়েই আমার এই ক্ষুদ্র প্রয়াস ‘নজরুল স্মৃতিধন্য কলকাতা ও ডি. এম. লাইব্রেরি’ কলকাতায় কবির স্মৃতিবিজড়িত বাড়ি এবং সে সময় কেমন ছিল সেই বাড়ি বা জায়গাগুলো? ছবিসহ সে সব ঘটনা-প্রবাহ তুলে আনবার চেষ্টা করেছি। যাঁরা কাজী নজরুল ইসলামকে নিয়ে জানতে কিংবা গবেষণা করতে ইচ্ছুক, তাদের জন্য বইটি তথ্য সহায়ক হতে পারে।