বাঙালি মুসলিমদের সংখ্যাগরিষ্ঠের বসবাস স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। স্বাভাবিকভাবেই আমাদের জীবন—যাপন ও সংস্কৃতি—সভ্যতা ইসলামের প্রভাবে প্রভাবান্বিত। বাংলাভাষা ও সাহিত্যের ধারাবাহিক গঠন—প্রক্রিয়াতেও বাঙালি মুসলিমদের অবদান শীর্ষে। মুসলিম সুলতানদের আনুকূল্যে মুসলিম কবি—সাহিত্যিকদের সক্রিয়তায় বাংলাভাষার পুনর্জাগরণ ঘটে। তারপর থেকে কাল পরম্পরায় বাংলাভাষা ও সাহিত্যের বিকাশ, লালন ও সমৃদ্ধিতে মুসলমানদের ভূমিকা ছিল অগ্রগণ্য।
বাংলাভাষা ও সাহিত্যের সঙ্গে এই নিবিড় সম্পর্কের কারণেই বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় মুসলিম ঐতিহ্যের ছাপ পড়েছে অবারিতভাবে। বাংলাভাষাকেন্দ্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পর আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সন্ধান করতে গিয়ে স্বাভাবিকভাবেই আমাদের তাকাতে হচ্ছে ইতিহাসের পাতায়। সমগ্র বাংলা সাহিত্যের পটভূমিকায় মুসলিম ইতিহাস—ঐতিহ্যের উপস্থিতি সরব ও সমুজ্জ্বল। শাহ্ মুহাম্মদ সগীর থেকে বাঙালি মুসলিম লেখকদের যে যাত্রা শুরু, আজকের তরুণ লেখক পর্যন্ত এ ধারায় অব্যাহত গতিতে এগিয়ে চলেছে।
তরুণ লেখক ও প্রাবন্ধিক সীমান্ত আকরাম—এর প্রবন্ধগ্রন্থ ‘নন্দিত নক্ষত্র’ তারই ইঙ্গিত বহন করে। বাংলা সাহিত্যের বিশ শতকের কয়েকজন লেখকের লেখায় ইসলামী ঐতিহ্য—সভ্যতা—সংস্কৃতির যে আবহ নির্মাণ হয়েছে; লেখক এ গ্রন্থে তা আলোকপাত করতে সচেষ্ট হয়েছেন। আলোচনা—সমালোচনার মাধ্যমে তিনি তাঁদের লেখার মূল্যবিচার করতেও চেষ্টা করেছেন। আমার দৃঢ় বিশ্বাস এ গ্রন্থটি বাংলা সাহিত্যে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।