এক ছিলো নৌকো। আর ছিলো এক নদী। নদীর ওপরে নৌকো। নৌকোর নিচে নদী। নদীর পানি তলতল। নৌকো চলে তরতর। চলছে তো চলছে। নৌকো চলছে। নদীও চলছে। তখন নিশুতি রাত। গ্রাম ঘুমিয়ে পড়েছে। গাছ ঘুমিয়ে পড়েছে। গাছের পাখিরাও ঘুমিয়ে পড়েছে। ঘুমের একটা তান আছে। খুব আবছা সুরে বয়ে যায়। মায়েদের ঘুমপাড়ানি গানের মতো। জগৎ এখন ঘুমিয়ে পড়েছে। ঘুমে বিভোর হয়ে আছে। মা তবু গান করেই চলেছেন জগৎ কোলে নিয়ে।