প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি সাবিস্তান। সবুজের শ্যামলীমা এখানে অফুরাণ। সাবিস্তানের উত্তর-পূর্বে কোণ পাহাড় বেষ্টিত হলেও এর অধিকাংশ ভূমি সমতল। পাহাড় থেকে নেমে আসা সর্পিল নদীটি বয়ে গেছে সমতল ভূমির বুক চিরে। নদীটির নাম পাগলা। বর্ষা মৌসুমে পাহাড়ী বৃষ্টির জলে পাগলার বুক ভরে ওঠে। তখন পাগলা প্রায়ই উন্মত্ত থাকে। প্রচন্ড বেগে স্রোত ছুটে চলে সমতল ভূমির দিকে। আবার শুকনো মৌসুমে পাগলা একেবারে নির্জীব হয়ে পড়ে। তখন পাগলার কোন কোন অংশ শুকিয়ে চৌচির হয়ে যায়।
তবে নিচু জায়গাগুলোতে কিছু কিছু পানি থাকে। সে পানি আশেপাশের লোকজন দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করে। বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র যোগাযোগের মাধ্যম, এপারের সাথে ওপারের। নদীর এপারে চম্পক নগর এ ওপারে রূপ নগর। চম্পক নগরে সাবিস্তানের রাজধানী অবস্থিত।