সালাম! হে উম্মাহর দেহের প্রতিটি দরদি কোষ!
আপনি কি এ সম্বোধনে গর্বিত? আপনি কি চান পরপারে আপনার জন্য তৈরি জান্নাত আপনারই থেকে যাক? তাহলে আপনাকে বলছি! বলছি, উম্মাহর দেহের সুস্থ অংশের এক কোষের প্রগাঢ় দায়িত্ববোধের জায়গা থেকে। আমাদের এই মুহূর্তে কতই না দায়-দায়িত্ব! ইসলাম প্রতিষ্ঠার দায়, উম্মাহর অসুস্থ অংশের দায়, উম্মাহর ঘুমন্ত অংশের দায়।
অথচ অতীব দুঃখের বিষয়, উম্মাহর সুস্থ অংশের ক’জনই বা এত দায়-দায়িত্বের খোঁজ রাখে! এজন্যই যারা খোঁজ রাখতে চায়, তাদের দায়িত্ব বেড়ে গেছে হাজার গুণ! কারণ সুস্থ হাজার জনের মাঝে এমন একজনকে খুঁজে পাওয়া দুষ্কর, যে কিনা উম্মাহর ব্যাপারে খুবই দায়িত্ব সচেতন। এই দুষ্কর মানুষটাই যখন দায়িত্ব পালন করতে যায়, তখন তাকে দায়িত্ব নিতে হয় তার সাথে থাকা আরও ৯৯৯ জনের।
কাউকে-না-কাউকে তো দায়িত্ব পালন করতেই হবে। তাই কিছু মানুষ অবশ্যই আছে, যারা তাদের তনুমন উজাড় করে দিয়ে হাজার জনের দায় ঘাড়ে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। আর আমাদেরকেও আহ্বান করে যাচ্ছে তাদের সহযোগী হতে। কারণ একার পক্ষে হাজার জনের দায়িত্ব বহন করা অতীব কষ্টসাধ্য!