জমিরুল হক বিশিষ্ট ভদ্রলোক, ভীষণ মিশুক এবং অমায়িক। তাঁর ভক্তের বরং বলা যায় গুনমুগ্ধের সংখ্যা সেই কারণেই অনেক। পেশায় অর্থনীতির অধ্যাপক। ক্লাসে পড়ানও খুব ভালো। অর্থনীতি যদিও একটা স্বল্প রসের বিষয়, তবুও ছাত্র-ছাত্রীদের পুরো পঁয়তাল্লিশ মিনিট ক্লাশে ধরে রাখার এক অদ্ভুত ক্ষমতা তাঁর আছে।
তাঁর বাচনভঙ্গিটা চমৎকার তো বটেই; এছাড়াও তাঁর আছে অতুলনীয় রসবোধ যা দিয়ে তিনি এই নিরস পাঠ্য বিষয়টাকে রসময় করে তোলেন। আরো একটা অদ্ভুত বিষয়, তিনি তাঁর প্রতিটা ক্লাশের প্রত্যেকটা ছেলে-মেয়ের নাম মনে রাখতে পারেন।