সাম্য রাইয়ানের উপন্যাস ‘সকল প্রশংসা মার্কিন সাম্রাজ্যবাদের’ একটি উদ্ধৃতি দিয়ে বলতে চাই, ‘ডলার চাই ডলার চাই, ডলার খেয়ে বাঁচতে চাই’!
সাম্রাজ্যবাদের এই দুনিয়ায় মানুষগুলো সব ডলার চুরিতে ব্যস্ত, কেউ আবার মন চুরিতে! কেউ লুটে নেয় জমি-জমা-সম্পদ! মানবতাকে লাথি মেরে আঁকড়ে ধরে জীবন, যেন মরবে না কোনোদিন। ভুলে যায় ধর্ম; কর্মে মেলে না সুখ। তবুও দাবি করি আমরা মানুষ। ঘরের দুয়ারে ভিক্ষুক এলে গলাধাক্কা দিতেও দ্বিধাবোধ করি না, ভুলে যাই ভিক্ষুকও একজন মানুষ, ভাত খেতে দিয়ে পাগল মারাও নজির আছে আমাদের। অবৈধ প্রেমে বলির পাঁঠা বানাই কোনো এক নারীকে, ঘুস, সুদ, প্রতারণা ও সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে অবৈধ সম্পদ গড়ে তুলে একজন মানুষ হিসেবে নিজেকে গর্বিত করি। মনে হয় সবকিছু যেন তামাশা। এসব তামাশা দেখা নিয়ে কবি ও গল্পকার আহম্মেদুল কবির তার লেখা প্রথম গল্পগ্রন্থ ‘অবমানব’-এ লিখেছেন গল্প অবমানব, বহিরাগত তোফাজ্জল, ভীনদেশী এক বাবুসহ এগারোটি গল্প। গল্পগুলোতে উঠে এসেছে মানুষের অমানবিকতা, দ্রোহ, বিদ্রোহ এবং একইসাথে প্রেম, ভালোবাসা ও অধিকার সংরক্ষণে মানুষের যাপিত জীবনের যতসব অনুষঙ্গ। বলাই যায় গ্রন্থটি পাঠ করলে পাঠকের কিছুটা হলেও ভালো লাগবে।