নদীর নাম ব্রিসবেন ফুলের নাম জাকারান্ডা
ব্রিসবেন নদীর তীরে বা ব্রিসবেন নগরীর পথের কিনারে জাকারান্ডার দেখা মেলে। জারুল ফুলের মতো থোকা থোকা, তবে জারুল নয়; কৃষ্ণচূড়ার মতো সারাটা গাছ জুড়ে, তবু কৃষ্ণচূড়া নয়। এ শুধুই জাকারান্ডা, বেগুনি বর্ণের থোকা থোকা ফুলের অপরূপ সৌন্দর্য বিলানো মায়াবী পুষ্প-মেলা। গাছগুলি বেশ বড়ো, লম্বা, ডালপালা ছড়ানো, ডালে ডালে ফুলের মনকাড়া সমারোহ। নদীর তীরে বেশি দেখা না মিললেও ব্রিসবেন নগরী এমনকি কুইন্সল্যান্ড রাজ্য জুড়ে বিভিন্ন সড়কের পাশে আলো হয়ে ফুটে থাকে জাকারান্ডা। দেখে মন ভরে যায়, ইচ্ছা হয় একদণ্ড বসে থাকি এর নীচে পাপড়ি বিছানো ছায়াঘন কোলে, ঠিক যেমন বসেছিলেন এক দম্পত্তি ১৯০৩ সালে।