কবিতা কোথা থেকে আসে কোথা যায়
তার আবছায়া চোখ মেলে রয়
কাগজের পাতার পঙক্তি আর স্তবকে
তার ঠোঁট দেখা যায়
চেনা অচেনা মূর্ত বিমূর্ত এক ধাঁধা
ক্লান্ত করে জীবনানন্দের মতো
অবসন্ন পৃথিবী ধানের ওপর মাথা পেতে রয়
অবসরের গানের মতো
কোথাও যাবার জায়গা নেই
চালতা ফুলের ঘ্রাণ হয়ে হয়ে
বনলতা সেনের মতো
এসব ছেড়ে ছুঁড়ে কার যেন ঠোঁট জেগে থাকে
লালনের একতারা প্রতিদিনের উঠানে
কাহাদের কথাটি বারবার বলে যায়
ঈশ্বরের বেদনার ঠোঁট হয়ে হয়ে
জঠরের দাসত্ব বেঁচে থাকে কবিতায়
ধ্রুবতারা সন্ধ্যাতারা হয়ে সুবেসাদিকে
তার ঘরের দরজা খুঁজে পায়
ঠোঁট বেঁচে থাকে ক্ষুধার ঠিকানায়
‘পাখিসব করে রব রাতি পোহাইল
কাননে কুসুমকলি সকলি ফুটিল :’
মদনমহন তর্কালঙ্কার
প্রথম পাঠশালার ভোরের পাখি
উর্বশীর রবি কবি এমনি এমনি গায়
গীতাঞ্জলির অঞ্জলি অবশেষে
কাহার হয়ে হয়ে কার কথা কয়
স্বপ্নগুলো স্বপ্নে যেন অচিন পাখির ঠোঁট হয়ে যায়...
--- ফজল সন্ন্যাসী