‘অনন্য খালেদা জিয়া’ গ্রন্থটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক সংগ্রাম, রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার, নারী ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদানকে কেন্দ্র করে রচিত একটি প্রামাণ্য গ্রন্থ।বইটিতে খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে তাঁর উত্থানের ইতিহাস তুলে ধরা হয়েছে। একজন গৃহিণী থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্ব, সাহসিকতা ও দৃঢ়তার বিভিন্ন দিক আলোচিত হয়েছে। বিশেষভাবে—‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’-এর সহধর্মিণী হিসেবে নয়, বরং নিজ রাজনৈতিক ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণের মাধ্যমে তিনি কীভাবে দেশের কোটি মানুষের আস্থা অর্জন করেন, তা গ্রন্থে বিশদভাবে উপস্থাপন করা হয়েছে।গ্রন্থটির একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে তাঁর সরকারের শিক্ষা উন্নয়ন কর্মসূচি। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, মেয়েদের উপবৃত্তি প্রদান, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, উচ্চশিক্ষার সম্প্রসারণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথ উন্মুক্তকরণ এবং নারী শিক্ষার প্রসারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিস্তারিতভাবে আলোচিত হয়েছে।বইটিতে অর্থনৈতিক উন্নয়নে তাঁর সরকারের ভূমিকার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের সংস্কার, বেসরকারি বিনিয়োগের প্রসার, তৈরি পোশাকশিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, কৃষি ও গ্রামীণ অর্থনীতির সম্প্রসারণ এবং দারিদ্র্য বিমোচনে গৃহীত উদ্যোগসমূহকে বাংলাদেশের উন্নয়নযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরা হয়েছে।