তখন গরম কাল। গ্রামাঞ্চল রোদে ঝলমল করছে। ফসলের ক্ষেত হলদে হয়ে উঠেছে, ফসল পেকে গেছে। কাটা ফসলের খড় সবুজমাঠে স্তূপাকারে সাজিয়ে রাখা হয়েছে। সারসেরা লাল রঙের লম্বা লম্বা পা নিয়ে চলে ফিরে বেড়াচ্ছে আর মিসরীয় ভাষায় বক বক করেই চলেছে। তাদের মায়ের কাছে তারা শুধু এই ভাষাই শিখেছে। মাঠের চারদিকে বিশাল এক বন, আর তার মাঝে গভীর হ্রদ।
অপূর্ব সুন্দর এই গ্রামাঞ্চল। এখানে আছে একটা প্রাচীন গোলাবাড়ি, তার পাশে আছে গভীর একটা খাল। খালের পাড় থেকে সেই গোলাবাড়িটা পর্যন্ত বড় বড় চোরাকাঁটায় বোঝাই, ওগুলো এতই উঁচু যে ছোট বাচ্চাদের মাথা প্রায় ঢেকে যায়। ওগুলো ঘন বনের মধ্যেও যেমন, মাঠের বাইরেও তেমনই। ওই রকম এক জায়গায় একটা বাসায় একটা হাঁস বাস করত, ওখানে তার বাসা ছিল। হাঁসটা তার বাসায় বসে ডিমে তা দিচ্ছিল। অনেক কয়দিন হলো সে ডিমে তা দিচ্ছে, আর তাই সে হাঁপিয়ে উঠেছে।