ইমাম জাফর আস-সাদিক (রহ.) ঝরনাগুলোর বিষয়ে বলেন: 'মারেফাত বা আধ্যাত্মিক জ্ঞান থেকে বারোটি ঝরনা বেরিয়ে আসে। সমস্ত মানুষ সেই ঝরনাগুলোর কোনো একটি থেকে পান করে, একটি [নির্দিষ্ট] মর্যাদায়, একটি [নির্দিষ্ট] স্তরে (মাকাম), তাদের নিজস্ব ক্ষমতা বা পরিধি অনুযায়ী।'
এরপর আধ্যাত্মিক স্তরগুলোর একটি তালিকা দেওয়া হয়েছে, যা আয়াত আন-নূরের মন্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। ঠিক যেমন আলোগুলো সবই আল-হকের আলো থেকে নির্গত হয়, তেমনি ঝরনাগুলো সবই আল্লাহর সাথে অন্তরঙ্গতা এবং একাকীত্বের একটিমাত্র ঝরনা থেকেই বেরিয়ে আসে: 'এটিই হলো মারেফাতের মূল ঝরনা'।
তবে নূরের আয়াতের তালিকাটি আরও দীর্ঘ ও পূর্ণাঙ্গ। অন্যদিকে, বারোটি ঝরনা ও বারোটি নক্ষত্রের কক্ষপথের স্তরগুলোর তালিকা বেশ সংক্ষিপ্ত। ইহা থেকে ধারণা করা যায়, নূরের আয়াতের মন্তব্যটি হয়তো পরবর্তী কোনো সময়ের লেখা; তখন সুফিদের স্তর বা মাকামাতের কাঠামো আরও উন্নত রূপ পেয়েছিল।
আবার এমনও হতে পারে, ঝরনা এবং নক্ষত্রের কক্ষপথের বেলায় সংখ্যাটি বারোতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু নূরের আয়াতে কোনো সংখ্যার বাধ্যবাধকতা ছিল না। তাই ব্যাখ্যাকারক একটি বড় তালিকা তৈরি করার সুযোগ পেয়েছিলেন, বিশেষ করে আলোর ধারণাটি তাঁর জন্য বেশ সহায়ক ছিল।
যদিও সকল তালিকায় দেওয়া গুণাবলিগুলো হুবহু একই নয়। তবে এগুলোর মধ্যে মিল বা ওভারল্যাপ রয়েছে, কখনো কখনো পরিভাষাগুলোতে তা সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। আবার কখনো কখনো অর্থের মধ্যে অন্তর্নিহিতভাবে তা রয়ে গেছে। তবে এগুলো স্থাপনের ক্রমানুসারে কোনো ওভারল্যাপ বা মিল নেই। ঝরনার আয়াতে (৭:১৬০) তালিকাটি নিচে দেওয়া হলো:
১. আল্লাহর একত্ববাদ (তাওহীদ);
২. দাসত্ব (উবুদিয়্যাহ) এবং এতে আনন্দ (সুরুর);
৩. বিশ্বস্ততা (ইখলাস);
৪. আন্তরিকতা বা সত্যবাদিতা (সিদক);
৫. বিনয় (তাওয়াজু');
৬. সন্তুষ্টি (রিদা') এবং আল্লাহর কাছে সমর্পণ (তাফউইদ);
৭. (ঐশী উপস্থিতির) প্রশান্তি (আস-সাকিনাহ) এবং গাম্ভীর্য বা মর্যাদা (ওয়াকার);
৮. বদান্যতা (সাখা') এবং আল্লাহর প্রতি বিশ্বাস (সিক্কাহ বিল্লাহ);
৯. দৃঢ় বিশ্বাস (ইয়াকিন);
১০. বুদ্ধি (আকল);
১১. প্রেম (মহব্বত); এবং
১২. অন্তরঙ্গতা (উনস), (আল্লাহর সাথে) একাকীত্ব (খালওয়াহ), এবং আধ্যাত্মিক জ্ঞান বা উপলব্ধি (মারেফাত)।
নক্ষত্রের কক্ষপথের (বুরুজ) আয়াতে (২৫:৬১) তালিকাটি হলো:
১. বিশ্বাস (ঈমান);
২. আধ্যাত্মিক জ্ঞান বা উপলব্ধি (মারেফাত);
৩. বুদ্ধি (আকল);
৪. দৃঢ় বিশ্বাস (ইয়াকিন);
৫. আত্মসমর্পণ (ইসলাম);
৬. কল্যাণ বা সদ্ব্যবহার (ইহসান);
৭. আল্লাহর ওপর পরম ভরসা (তাওয়াক্কুল);
৮. ভয় (খওফ);
৯. আশা (রজা');
১০. প্রেম (মহব্বত);
১১. তীব্র আকাঙ্ক্ষা বা ব্যাকুলতা (শওক); এবং
১২. পরমানন্দ বা উল্লাস (ওয়ালাহ)।
বই: পবিত্র কোরানের বাতেনি ব্যাখ্যা