রিকশাওয়ালাটি চলে যাবার পরে রাশেদের মনে হলো, একটি ছবি তুলে রাখার দরকার ছিল। ছবি তোলা আজকাল জটিল কোনো বিষয় না। হাতে হাতে মোবাইল। হাজার হাজার মোবাইল। যে ছবি তুলতে জানে না, তার মডার্ন টেকনোলজির অভিশাপপ্রাপ্ত হওয়া উচিত।
শুধু ছবি তুলে রাখাই না, রিকশাওয়ালাকে বাড়তি কিছু টাকা ধরিয়ে দেয়া যেত। মানুষটা ভালো। চেয়ে ভাড়া নেয় না। যে যা দেয়, হাত পেতে নেয়। সহজ মানুষ যাকে বলে। হাসি পায় রাশেদের। সহজ মানুষ! এই যুগে সহজ মানুষ! সমাজ যাদেরকে মফিজ কিংবা মদন বলে মজা পায়।
একটা সময় ছিল যখন দক্ষ মানুষের ভিড় থেকে একজনকে আলাদা করে আঙ্গুল তুলে বলা হতো, লোকটি খারাপ কিংবা অসৎ। আর এখন, নষ্ট লোকের মিছিল থেকে একজনকে আলাদা করে বলতে হয়, মানুষটি ভালো। ভালো মানুষের কী আকাল!