প্রবন্ধে সুনির্দিষ্ট একটি বিষয় থাকে। এই বিষয়বস্তু সম্পর্কে লেখক প্রথমে একটি ভূমিকা প্রদর্শন করেন। অতপর মূল বিষয় সম্পর্কে তথ্য ও যুক্তিতর্ক উপস্থাপন করে উপসংহারে উপনিত হন। প্রবন্ধ অবশ্যই তথ্যনির্ভর রচনা। এর গদ্যশৈলীকে একটি বিধিবদ্ধ কাঠামোর মাধ্যমে অগ্রায়ন করতে হয়। তবে প্রবন্ধ যে কেবল তথ্যনির্ভরই হবে তা নয়। এখানে লেখক তার ভাষাশৈলীর মাধ্যমে নিপুণ কারিগরের মতো নিজস্ব ধ্যানধারণা প্রতিফলিত করতে পারেন। পারেন নিজস্ব পরিকল্পনা অনুসারে উদ্দেশ্য ও যুক্তির উপস্থাপন করতে। তবে লেখকের ভাষা ও উপস্থাপনগত শৈলী না থাকলে লেখাটি নিরেট কাঠখোট্টা হয়ে ওঠে। অতএব, প্রবন্ধ লেখা তখুনি সার্থক হয়ে ওঠে, যখন এর ভাষা ও যুক্তি মানুষের হৃদয়ে নাড়া দিতে সক্ষম হয়।