প্রচলিত বাতিল ফিরকাসমূহের পরিচয় ও খণ্ডনে সংক্ষিপ্ত কিছু রচনার অভিপ্রায়ে খতরনাক ও ভয়াবহতার বিচারে পাঁচটি ফিতনা নিয়ে এই কিতাবটি প্রস্তুত করা হয়েছে। যা মূলত এই সিলসিলার প্রথম পদক্ষেপ। ধারাবাহিকভাবে এই শিরোনামে আরো কিছু গ্রন্থ আসবে, ইনশাআল্লাহ।
ইসলামের নামে প্রচলিত; অথচ বাস্তবে সম্পূর্ণ ইসলামের গণ্ডির বাইরে যাদের অবস্থান; এই ধরনের পাঁচটি মতবাদ নিয়ে এ পর্বে আলোচনা করা হয়েছে— যথাক্রমে: কাদিয়ানী ধর্ম, শিয়া মতবাদ, আহলে কুরআন ফিতনা, হেযবুত তওহীদ সম্প্রদায় এবং বে-শরা‘ পীর-ফকির ও বাউল গোষ্ঠী।
কিতাবটির কিছু বৈশিষ্ট্য
নির্ভরযোগ্য উদ্ধৃতি: এখানে আলোচিত বাতিল ফিরকাদের ভ্রান্ত আকীদাগুলো সরাসরি তাদের মূল ও নির্ভরযোগ্য কিতাব থেকে সংগৃহীত হয়েছে। কিতাবগুলো জামি‘আ রাহমানিয় আরাবিয়ার দাওয়াহ বিভাগেও সংরক্ষিত আছে, ফলে অনুসন্ধিৎসু আলেম ও গবেষকগণ সহজেই মূল সূত্র মিলিয়ে নিতে পারবেন।
তথ্যসূত্র ও গ্রন্থপঞ্জি: রেফারেন্সগুলো মিলিয়ে দেখার সুবিধার্থে প্রতিটি আলোচনার শেষে গ্রন্থপঞ্জি দিয়ে দেওয়া হয়েছে। যেখানে সূত্রগ্রন্থের নাম-লেখক-প্রকাশকাল ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীদের উপযোগী বিন্যাস: কিতাবটি মূলত সানাবিয়া (মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক) ও ফযীলত (স্নাতক) স্তরের ছাত্রদের কথা বিবেচনায় রেখে লেখা হয়েছে। দরসিয়াতের প্রচণ্ড ব্যস্ততার কারণে তারা বিস্তারিত পড়ার সময় পান না। তাই তাদের জন্য বিষয়টি সহজ-সংক্ষিপ্ত ও প্রামাণ্য করা হয়েছে।
সাবলীল ভাষা: গ্রন্থটির ভাষা অত্যন্ত প্রাঞ্জল ও সমৃদ্ধ, যা পাঠকদের বুঝতে সহজ হবে। সাধারণ শিক্ষিত মানুষও এখান থেকে ফিতনা সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করে উপকৃত হতে পারবেন।
দাওয়াতের পাথেয়: তালেবে ইলমদের জন্য প্রচলিত ফিতনা সম্পর্কে জানার একটি নির্ভরযোগ্য প্রাথমিক পাঠ। পাশাপাশি মাঠপর্যায়ের দাঈদের জন্য এটি একটি শক্তিশালী এবং মূল্যবান পাথেয় হবে বলে আশা করা যায়, ইনশাআল্লাহ।