ভূমিকা
'ভালোবাসার ওপর জোর চলে না গালিব এটা সেই আগুন যা জ্বলালেও জ্বলে না আবার নিভালেও নিভে না।'
মির্জা আসাদুল্লা খাঁ গালিব ফারসি, উর্দু গজল ও কবিতার আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। গজলে শুরুর দিকে গালিব আসাদ নামটি ব্যবহার করতেন। কিন্তু তাঁর শুভানুধ্যায়ী কবি ফজলে হকের পরামর্শে উপনামটি পরিবর্তন করে নিজেকে গালিব লিখতে থাকেন পরবর্তী সময়ে।
মির্জা গালিব জন্মগ্রহণ করেন ১৭৯৭ সালে ব্রিটিশ ভারতের আগ্রায়।
ছোটোবেলায় বাবাকে হারান, তারপর কাকা নসরুল্লা বেগের কাছে গালিব লালিত-পালিত হতে থাকেন। ১৮০৩ সালে হাতির পিঠ থেকে পড়ে মারা যান তাঁর কাকা নসরুল্লা বেগ। কাকার মৃত্যুর পর ব্রিটিশ সরকার তাঁর জায়গির বাজেয়াপ্ত করে পেনশন চালু করেন, পেতেন বছরে সাতশো টাকা উত্তরাধিকারসূত্রে, অর্থাৎ কাঞ্চন-কৌলিন্যের তলানিটুকু এসে তাঁর ভাগ্যে জুটত। বার্ষিক যে সরকারি পেনশন পেতেন তাও একসময় পারিবারিক বিভেদের কারণে বন্ধ হয়ে যায়। তারপর পেনশনের অধিকার ফিরে পাওয়ার আশায় এ-দরজা থেকে ও-দরজায় যাওয়া আসা করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়েন। তখন গালিবের মাথার ওপর গ্রেফতারি পরোয়ানা ঝুলছিল। চাচার মৃত্যুর পর চাচির কাছেই থাকলেন গালিব। চাচি গালিবের লেখাপড়ার ব্যাপারে অবহেলা করেননি। গালিব নয়-দশ বছর বয়সেই মুখে মুখে শের বলে মানুষকে তাক লাগিয়ে দিতেন।ছোটোবেলা থেকেই গালিব খুব ধ্যানমগ্ন থাকতেন। সারাদিন টো টো করে ঘুরে বেড়াতেন, কবুতর ওড়াতেন। ঠিক সেই সময় আসেন ইরানের নাগরিক আবদুস সামাদ তাঁর কাছে ফারসি ভাষা শিখেন গালিব। সেটাই হয়ে উঠেছিল তাঁর ভবিষ্যৎ জীবনের ভিত।
পেনশন-সংক্রান্ত মামলা নিয়ে গালিব গভর্নর জেনারেলের সঙ্গে দেখা করতে কলকাতায় এসেছিলেন। সিমলা স্ট্রিটে আলী সওদাগরের হাবেলীতে ১০ টাকা ভাড়ায় থাকতেন। নিজের কাজ মাথায় উঠলো, সাহিত্যিক বিবাদ-বিসম্বাদে জড়িয়ে পড়লেন। সাহিত্যসংক্রান্ত কূটতর্কে তিনি সব সময় খুব আনন্দ পেতেন। তখন ফারসি সাহিত্যের খুব রমরমা। ভারতীয় কবি কতীলের সাগরেদে তখন কলকাতা জমজমাট। এই কতীল কিন্তু জন্মসূত্রে হিন্দু, ক্ষত্রিয়। আগে নাম ছিল দিলওয়ালে সিং। মাদ্রাসা আলিয়ায় তখন প্রত্যেক রবিবার একটা করে মুশায়েরা হতো। গালিব সেখানে একটি গজল পড়েন, তাতে 'জদাঈ' শব্দের ব্যবহার নিয়ে এক বিবাদ ওঠে। তখনকার ইরানের রাষ্ট্রদূত মির্জা গালিবের এই শব্দ ব্যবহার সমর্থন করেন এবং ফারসি ওস্তাদদের পুরানো লেখা থেকে প্রমাণ দেখান। গালিব এ নিয়ে যে 'মসনবী' লেখেন তাতে বলেন-
আমি এক-দুঃখী লোক, যার ওপর বহু অত্যাচার হয়েছে। আমি ন্যায় ভিক্ষা করতে কলকাতায় এসেছি। আমি আপনাদের অতিথি। আপনাদের উচিত, আমার সঙ্গে নরম ব্যবহার করা। এ ঝগড়া আমি আরম্ভ করিনি। আমার মিথ্যে এবং ভুল প্রতিবাদ করা হয়েছে, যার উত্তর দিতে আমি বাধ্য। ধারণা ছিল, প্রতিবাদের যুক্তিপূর্ণ উত্তর পেলে আপনারা সন্তুষ্ট হবেন। কিন্তু, তা হয়নি। ...বাকি থাকল কতীলের ব্যাপার। তাঁর কাছে আমার কিছু পাবার নেই। আলোচনা থাক। শুধু জানি, ও মূল ফারসি ভাষার কবি নয়। যে মূল ভাষার লোক নয়, তাকে দলিল মানা ঠিক নয়।
ফারসি কবিতায় গালিব আমির খসরু ছাড়া অন্য কাউকে আদর্শ মনে করেননি। এই ঝগড়া ও প্রতিবাদের তিক্ততা সত্ত্বেও গালিব কলকাতার প্রেমে পড়েছিলেন। কলকাতাকে ভালোবেসে তিনি এক বন্ধুকে লিখেন-
গেরস্ত না হলে আমি সব ছেড়েছুড়ে কলকাতায় থেকে যেতাম। মোগল সভ্যতার শেষ প্রতীক সোচ্ছ্বাসে এই শহরের প্রশংসা করলেন।মির্জা গালিব শহরের রাস্তাঘাট, পার্ক এবং ভ্রাম্যমাণ বিদেশিনীদের দেখে মুগ্ধ হন। দুবছর কলকাতায় ছিলেন। জীবনের দীর্ঘতম যাত্রা ছিল এটাই। তিনি কলকাতা সম্পর্কে লিখলেন-
কলকাত্তেকা জো জিন্দ্র কিয়া তুনে হম নশী এক তীর মেরে সীনে মে মারা কে হায় হায়।
কলকাতার প্রসঙ্গ তুমি তুললে বন্ধু তীর একটা বুকে তুমি মারলে, হায় হায়।
শুধু স্থাপত্য বা বিদেশিনীর মায়াই নয়, বাংলার আম্রফলের স্বাদেও জড়িয়ে পরেছিলেন তিনি। শুধু 'মিঠা আম' নয় অনেক 'মিঠাআম' ছিল তাঁর বাসনা। একজন বলেছিলেন 'আম খান কেন? আম তো গাধারাও খায় না।' গালিব তাঁর বিখ্যাত হাজির জবাব-এ বলেছিলেন 'সেজন্যই তো ওরা গাধা'।
ধ্রুপদী সাহিত্যে প্রচণ্ড পড়াশুনা ছিল তাঁর। ছন্দ ও ছন্দোব্যঞ্জনার ওপর অদ্বিতীয় দখল। হাফিজ, সাদী, নাজিরী, রুমীর ধারাবাহিকতাকে মেনে নিয়েও, তাঁর নিজের বৈশিষ্ট্যে ভাস্বর। এখানেই গালিব পরম্পরায় থেকে উঁচুতে।
১৮১৩ সালে গালিব আগ্রায় চলে যান। তারপর ঘুরে ফিরে জীবন কাটাতে থাকেন। অর্থ সংকট ও অসচ্ছ্বলতা ছিল তাঁর সারাজীবনের সঙ্গী। ১৮৩৭ সালের মধ্যে উর্দু ও ফারসিতে রচিত তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়। কিন্তু অর্থ কষ্ট দূর হয়নি। কাসিদা লিখে এসময় তাঁকে জেলও খাটতে হয়। ১৮৪৭ সালে বাহাদুর শাহের রাজসভায় চাকরি নেন গালিব। ১৮৫০ সালে 'বাদশা নজমুদ-দোল্লা দবীর-উল-মূলক আসাদুল্লা খান বাহাদুর নিজাম জঙ্গ' উপাধিতে ভূষিত হন।
মির্জা গালিব তাঁর জীবদ্দশায় প্রচণ্ড অভাব-অনটনের মধ্যেও ধ্যানমগ্ন ছিলেন গজল ও কবিতার ভেতরে। তিনি যা ভাবতেন তা কলমের আঁচড়ে তুলে আনতেন। কি থাকত তাঁর রচনায়? তাঁর রচনায় আমরা পাই মানুষ, প্রকৃতি, ধর্ম, প্রেম, বিরহ এবং পাওয়া না-পাওয়ার কথা। গালিব বলেছেন যে-
'হাতের রেখায় ভাগ্য খুঁজ না গালিব যার হাত নেই ভাগ্য তারও আছে।'বাহাদুর শাহ জাফরের সভাকবি হয়েছিলেন তিনি। বাহাদুর শাহ ফারসিতে তৈমুর বংশের ইতিহাস লিখতে বলেছিলেন গালিবকে। কবি এ ধরনের ফরমায়েশি লেখায় আগ্রহী ছিলেন না। তবুও দু-তিনটি অধ্যায় লেখেন ধারাবাহিকভাবে শুধুই ক্ষমতাধর বাহাদুর শাহর ইচ্ছায়!
'প্রেমে বাঁচামরার কোনো তফাত নেই।
যে সর্বনাশীর জন্য প্রাণ যায়-তার দিকে চেয়েই বেঁচে থাকা।'
দিওয়ান-এ-গালিব তাঁর রচিত ও নির্বাচিত কবিতাসংগ্রহ ১৮৬৩ সালে প্রকাশিত হয় এবং একই বছরে ব্রিটিশরাজ মির্জা গালিবকে সম্মানজনক উত্তরীয় প্রদান করে।
পারিবারিক ও বিবাহিত জীবনে গালিব সাতজন সন্তানের জনক হয়েছিলেন। কিন্তু সন্তানদের কেউ দীর্ঘায়ু পায়নি। শেষ পর্যন্ত স্ত্রীর আত্মীয় আরিফকে দত্তক নেন গালিব। আরিফও কবিতা লিখতেন এবং সুনামও হয়েছিল। আরিফ ১৮৫১ সালে মৃত্যুবরণ করেন, আরিফের মৃত্যুতে মির্জা গালিব মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন।
১৮৫৭ সাল, সিপাহি বিদ্রোহের ব্যাপারে মির্জা গালিব নিজেকে গুটিয়ে
নেন। দিল্লি শহর ভাঙছে, মোগল সম্রাজ্যের পতন চোখের সামনেই হলো। সিপাহি বিদ্রোহের ইতিহাস এবং দিল্লি ম্যাসাকার নিয়ে তিনি-দস্তাম্বু নামে দিনলিপি লিখতে শুরু করেন। অন্ধকার সময় এই দুঃসময়ের মধ্যেই তাঁর পাগল ভাই ইউসুফ মৃত্যুবরন করেন। অন্ধকার রাতে গোর-কাফনে তাঁকে আরো গভীর অন্ধকারের দিকে ঠেলে দিতে পথে বেরোন গালিব।
১৫ অক্টোবর তাঁর বাড়িতে জনাকয়েক গোরা সেনা ঢুকে পড়েন। গালিবকে নিয়ে যাওয়া হয় কর্নেল ব্রাউনের কাছে। সেখানে যখন কর্নেল ব্রাউন জিজ্ঞেস করেন, তুমি মুসলমান? গালিব বল্লেন জী, আধা। মদ খাই, শুয়োর খাই না। ভায়ের মৃত্যু, প্রিয় শহর দিল্লির এই ভয়াবহ অবস্থাতেও তাঁর অন্তরের রহস্যরসিকতার যেন শেষ নেই।
মির্জা গালিব ভাঙছিলেন। তাঁর বুদ্ধি, বোধ, কৌতুক ধীরে ধীরে অচেতন হয়ে যাচ্ছিলো। লোহারুর নবাব গালিব কেমন আছেন খবর নিতে পেয়াদা পাঠিয়েছিলেন। নবাবকে শেষ বারের মতো বিদ্যুৎঝলক উত্তরে বল্লেন-দুএক দিনের মধ্যে আমার পাড়াপড়শিকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন গালিব কেমন আছে।
১৫ ফেব্রুয়ারি ১৮৬৯ সালে মির্জা গালিব মৃত্যুবরণ করেন।
গালিবের ৭২ বছরের পাওয়া না-পাওয়ার জীবনে রচিত প্রেমের শের, কবিতা ও গজল থেকে নির্বাচিত অংশ নিয়ে সম্পাদিত হলো 'প্রেমের কবিতা' বইটি প্রকাশের মধ্যদিয়ে আমরা মির্জা গালিবকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। তিনি চলে যাবার ১৬৩ বছর পরও প্রেমের কবি গালিবের প্রতি পাঠকের আগ্রহ একটু কমেনি বরং বেড়েছে বহুগুণে। সম্পাদনার ক্ষেত্রে একই শের, গজল ও কবিতা একাধিকবার গ্রহণ করা হয়েছে, অনুবাদের ধারাবাহিকতা রক্ষা করার প্রয়োজনে, যেহেতু একাধিক অনুবাদক এবং অনুবাদকগণ সকলেই সুপ্রতিষ্ঠিত কবি, তাঁদের গালিবিয় ভাবনা সমুন্নত রাখার প্রয়োজন মনে করি। এই সংগ্রহে মূলের সঙ্গে বাংলা অনুবাদ এবং গৌরী আইয়ুবের রচিত কবিজীবনী সংযুক্ত করা হলো। যাঁদের অনুবাদ গ্রহণ করা হয়েছে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশিষ্ট লেখক ও কবি জ্যোতিভূষণ চাকী এবং শঙ্খ ঘোষ মির্জা
গালিবকে নিয়ে বলেছেন-
'জানি, গালিব তুমি বিগত সময় নও, তুমি বর্তমান সময়ের চেয়েও এগিয়ে ছিলে। আমাদের ভ্রান্তির দিনে দিশারি হিসেবে তোমাকে ডাকবো, আমাদের সৌন্দর্যচেতনা জাগিয়ে তোলার জন্য তোমাকে ডাকবো আমরা তোমাকে দয়া করার কে? তুমিই দয়া করে এসো।
আমাদের হৃদয়জুরে তোমার আসন পাতা। আসাদ তুমি এসো, গালিব তুমি এসো।'
হুমায়ূন কবীর
ঝিগাতলা, ঢাকা-১২০৯
| বইয়ের নাম | প্রেমের কবিতা |
| লেখক | মির্জা গালিব |
| প্রকাশনী | চারুলিপি প্রকাশন |
| ভাষা | Bangla |
| বিভাগ | অনুবাদ কবিতা |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।