রাত্রিতে তাঁর ভাল ঘুম হয়নি। বারবার ঘুম ভেঙেছে—তিনি ব্যস্ত হয়ে ঘড়ি দেখছেন। না, এখনো রাত কাটেনি। একবার হিটার জ্বালিয়ে কফি বানালেন, কিছুক্ষণ পায়চারি করে এলেন ছাদে।
ছাড়া-ছাড়া ঘুম, অর্থহীন এলোমেলো স্বপ্ন দেখে আবার ঘুম ভাঙল। ভোর হতে আর কত দেরি? আকাশে সামান্য একটু আলোর রেখা কখন ফুটবে? কা-কা করে কাক ডাকছে। অন্ধকার যেন একটু ফিকে হয়ে গেল।
তিনি সুইচে হাত রেখে ভোরের প্রতীক্ষা করতে লাগলেন। তাঁর বহুদিনের স্বপ্ন—জরীর বিয়ের দিনে ভোরবেলায় সানাইয়ের সুর শুনিয়ে সবার ঘুম ভাঙাবেন।
"ঘুম ভাঙতেই সবাই যেন বুঝতে পারে—জরী নামে এ বাড়ির একটি মেয়ে আজ চলে যাবে।"