সিরাজ উদ্দিন সাথী
জন্ম ১৯৫৫ সালে। তদানীন্তন ঢাকা জেলার ঢাকা সদর উত্তর মহকুমায়। যা এখন নরসিংদী জেলার পলাশ উপজেলা। শীতলক্ষ্যার পাড়ে নদী-খাল-বিল-ঝিল আর বনবাদারের ঐ সময়কার প্রাকৃতিক নৈসর্গে।
পাকিস্তানী স্বৈরশাসনের বিরুদ্ধে ১৯৬৯-এর ছাত্র গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছেন তিনি। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন। পাকিস্তানী বাহিনীর হাতে ধরা পড়ে অলৌকিকভাবে বেঁচে এসেছেন।
পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে। কলেজে অর্থনীতি পড়িয়েছেন। ১৯৮২ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস ব্যাচে প্রশাসনে চাকরি করেছেন। বর্তমানে লেখালেখি আর গবেষণায় নিয়োজিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৭০-এর দশকে প্রফেসর মুহাম্মদ ইউনূসের গুণমুগ্ধ ছাত্র ছিলেন। সেই থেকে তাঁর কর্মবীর এই শিক্ষকের সকল কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে আসছেন। এ নিয়ে লেখালেখিও করছেন। গ্রামীণ ব্যাংকের প্রথম দিককার ঋণগ্রহীতা নারীদের নিয়ে ১৯৮২ সালে প্রকাশিত 'বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য গ্রন্থের অন্যতম সহ-লেখক তিনি। এই বইটির ইংরেজি সংস্করণ 'Jorimon of Beltoil village and Others: In Search of a Future' প্রকাশিত হয় একই সময়ে। বই দু'টির সম্পাদনা করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস নিজে।
ড. মুহাম্মদ ইউনূসের বক্তৃতা নিয়ে তাঁর সম্পাদিত একটি বই প্রকাশিত হয় ১৯৯৩ সালে। সর্বশেষ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও রক্ষার লড়াইসহ তাঁর জীবন ও মহাকর্মযজ্ঞ নিয়ে এ বই প্রকাশিত হয় ২০১৩ সালে। এই বইটির একটি ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় 'Grameen Bank: The Struggle of Muhammad Yunus' শিরোনামে।
বাংলা ও ইংরেজি ভাষায় লেখা তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা চৌত্রিশ। মুক্তিযুদ্ধের ভিতর বাহির, পলাশ শিমুলের জীবন আমার, বাংলাদেশের আমলাতন্ত্র, আমলাতন্ত্রের অন্দরমহলে বত্রিশ বছর, আমলা পুরাণ, বাংলাদেশের অর্থনীতির কালো জগৎ, পবিত্র ভূমির লড়াই: রক্তেভেজা জেরুজালেম, কিশোর বিদ্রোহ ২০১৮, ফ্যাসিবাদ: অতীত বর্তমান এর মধ্যে কতিপয়।
প্রচ্ছদ লিপি: হামিদুল ইসলাম