আজও ছেলেপক্ষ 'না' করে দিয়েছে। রুমাকে তারা পছন্দ করেছে। তারপরও যে বাড়িতে এমন মানুষ আছে, সেখানে তারা আত্মীয়তা করা সমীচীন মনে করছেন না। তাই তারা না করে দিয়েছেন। রুমার অবশ্য ছেলেটাকে বেশ মনে ধরেছিল। আর ধরবেই না বা কেন? এমন সুদর্শন চেহারা, তার ওপর ম্যাজিস্ট্রেট পাত্র। এমন ঘর কি অহরহ মেলে? রুমার বাবা-মায়েরও মন খুব খারাপ হয়েছে। কোন পাপের ফলে যে আল্লাহ তাদের এমন এক আপদ দিয়েছেন, তারা জানেন না।
একজন মানুষের জন্য এতগুলো মানুষের কষ্ট। রুমা অনেকক্ষণ মন খারাপ করে বসে থাকে। একসময় তার বড় বোনের ঘরে গিয়ে রাগে-দুঃখে চিৎকার করে বলল, 'সব তোমার জন্য। কেন বেঁচে আছ তুমি? মরে যেতে পারো না? তোমার জন্য পরিবারের সবার অশান্তি।'