কবিতা লিখে আমি তোমাকে
সমূলে গুঁড়িয়ে দিতে চাই। শব্দবোমায়
আমি তোমার সমস্ত নিশানা নিশ্চিহ্ন ক’রে
দিতে চাই। কিন্তু হে দুঃশাসক,
যদি আমার কবিতা দৃশ্যত কোনো
কারণ ছাড়াই কলাপ্স করে
যদি আমার শব্দবোমা হঠাৎই
নিষ্ক্রিয় হ’য়ে যায় জনতার মূর্খতায়
কিম্বা বিশ্বাসঘাতকতায়
তবে তুমি আমার গর্দান কেটে নেবে
তবে তুমি আমাকে ফাঁসিতে লটকাবে
তবে তুমি আমাকে ক্রসফায়ারে দেবে
তবে তুমি আমাকে রাষ্ট্রছাড়া করবে