খুঁচিয়ে জাগিয়ে তোলা একটি বিষয় নিয়ে চলচ্চিত্রবোদ্ধা, বিনোদনপিয়াসী ও সংশ্লিষ্ট মহলে এখন জম্পেস বিতর্ক চলছে। বিষয়টি হচ্ছে ভারতীয় ছবি আমদানি। এটি এমন পর্যায়ে পৌঁছেছে যে, 'নির্মাতা বনাম হল মালিক' পক্ষ-বিপক্ষ হয়ে গেছে। গেল মাসে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত আসার পরই এ বিতর্ক শুরু হয়। ওই সময় চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। তবে তাদের আন্দোলন শুরুর আগেই সরকার এক্ষেত্রে পিছুটান দেয়।
অর্থাৎ ২৬ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ভারতীয় ছবি আমদানি না করার সিদ্ধান্ত জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তাদের ঘোষিত আন্দোলন কর্মসূচিও স্থগিত করে। একটি আন্দোলন নিবৃত্ত করতে সরকারের এহেন ত্বরিত সিদ্ধান্ত সাধুবাদযোগ্য হলেও এটি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। একইসঙ্গে বিনোদনপিয়াসীরাও দারুণ হোঁচট খেয়েছে।