প্রথমেই সতর্ক থাকা দরকার 'প্রণমহি বঙ্গমাতা' ঘরে বসে লেখা বই নয়। এর পেছনে প্রচুর পরিশ্রম আছে। খোঁজা-খুঁজি ছুটা-ছুটি আছে। সাইমন গবেষক ভান করে এই কাজ করেন নি। প্রাণের টানে করেছেন। সাইমনের কাজে আমাদের ডবল লাভ হয়েছে। তাঁর সঙ্গে থাকলে আমাদের গবেষণা যেমন হয়, তেমনি বাংলার কাব্যচর্চা বা ভাবান্দোলন সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান হয়। আমরা অনেক কিছু শিখি, আমাদের অনেক কিছু জানা হয়। সাইমন জাকারিয়া সেই সব কাব্যকারদের সন্ধান করে বেড়াচ্ছেন যাঁদের জীবন আর শিল্পকলা 'আধুনিক'দের মতো এখনও আলাদা হয় নি। তাই তাঁর 'প্রণমহি বঙ্গমাতা' বাংলার ভাব বা ভাষাচর্চাকে বিকশিত করার ক্ষেত্রে বারুদের মতো কাজ করবে-এটা আমাদের ধারণা নয়, গভীর বিশ্বাস।