“স্মৃতিতে অম্লান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন যুগ +” গ্রন্থখানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন সহকারী সচিব ও জুনিয়র কূটনীতিজ্ঞ জনাব মুহাম্মদ শাহজাহানের অবসর জীবনের সমাজ সচেতনতামূলক চিন্তার একটি অনবদ্য ফসল। বইটিতে তিনি তাঁর চাকুরী জীবনের শুরু হতে শেষ অব্দি (এল.পি.আর অব্দি) নানা টক ঝাল মিষ্টি অভিজ্ঞতার ডালি সাজিয়ে সচেতন পাঠকের মনোরঞ্জনার্থে পরিবেশন করতে সচেষ্ট হয়েছেন। গ্রন্থের মেজাজের সাথে খাপ খাওয়াতে তিনি যেমন যত্ন সহকারে সরকারী প্রশাসনযন্ত্রের প্রদীপের নিচে অন্ধকারের ছবি তুলে আনতে সচেষ্ট হয়েছেন, তেমনি তাঁর বিদেশে পোস্টিংকালীন প্রবাসের যাপিত জীবনের অভিজ্ঞতা ও স্বাগতিক দেশসমূহের লোকাচার, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ড এবং তাদের জীবনযাত্রার নানা দিকের উপর আলোকপাত করারও প্রয়াস পেয়েছেন। ক্ষেত্রবিশেষে আহরিত সেসব জ্ঞানকে নিজ সাংস্কৃতিক ও ধর্মীয় বলয়ের কষ্টিপাথরে বিশ্লেষণেরও চেষ্টা করেছেন। তাই গ্রন্থখানি একাধারে একটি চমৎকার স্মৃতিচারণমূলক ভ্রমণকাহিনী, সমাজ দর্পণ ও সমাজচিন্তার নির্যাস বললেও অত্যুক্তি হবে না।
চাকুরী জীবনের প্রারম্ভে বাংলাদেশের বেশ কয়েকজন প্রথিতযশা রাষ্ট্রদূত/সচিবের সহকারী হিসেবে ও পরবর্তীতে একজন জুনিয়র ডিপ্লোম্যাট হিসেবে লেখক এশিয়া ও আফ্রিকা মহাদেশের পাঁচটি দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসসমূহে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। গ্রন্থটিতে লেখক সেসব দেশের প্রাকৃতিক সৌন্দর্য্য, জনমানুষের সংস্কৃতি ও জীবনাচারের বিভিন্ন দিক সুনিপুণভাবে তুলে এনেছেন। গ্রন্থখানি রচনায় লেখক তাঁর ভাষাশৈলী, সাবলীল ও সমৃদ্ধ বর্ণনায় প্রতিটি অধ্যায়ে পাণ্ডিত্যের ছাপ রেখেছেন, যা একজন বোদ্ধা পাঠককে গ্রন্থের শেষ অবধি চুম্বকের মত আটকে রাখবে। আমাদের বিশ্বাস, গ্রন্থখানি এর পাঠককে নানাভাবে সমৃদ্ধ করবে, দৃষ্টিকে প্রসারিত করবে এবং সর্বোপরি বইটি পাঠকপ্রিয়তা লাভে ধন্য হবে।
-প্রকাশক