এক চন্দ্রালোকিত রাতে উঠোনের একপাশে খেজুর পাতার চাটাই বিছিয়ে দাদিমা যখন তার বয়সকাতর শরীরকে উপেক্ষা করে যতদূর সম্ভব পিচ্ছিল গলায় মাদকাসক্তের মতো আমাদের কাছে ডেকে 'এক সত্যিকারের রূপকথা' শোনাবার আগ্রহ পোষণ করেন, আমরা তখন আনন্দ-পুলকে তার গলা জড়িয়ে ধরি। তার গলা ফ্যাশফ্যাশ করে ওঠে আমাদের বাড়ির রাজহাঁসগুলির মতন। তবু আমরা কোলের এবং গলার উষ্ণতার জন্য তার সমস্ত শরীরকে জড়িয়ে ধরি যেমনটা দাঁড়াশ সাপ দুধ খাওয়ার জন্য গরুর শরীরকে পেঁচিয়ে থাকে। তার চোখে তখন জল জমে। আর সে জল নাকের অভ্যন্তর বেয়ে ঠোঁটের ওপর গড়িয়ে পড়লে তিনি আমাদের বলেন, সে অনেক অনেক দিন আগের কথা-সে-সময় পৃথিবীর মানুষেরা জ্ঞান-বিজ্ঞানে আরো এগিয়ে গিয়েছিল আর নিজেদের নিয়ে হয়ে পড়েছিল ব্যস্ত; তারা ভুলে গিয়েছিল মা-মাটির সম্পর্ক; চেয়েছিল পৃথিবীকে ইচ্ছেমতন ব্যবহার করতে। আর এভাবে বহু ব্যবহারে পৃথিবী হয়ে পড়েছিল রিক্ত। আমরা তার গল্পের এ পূর্বকথনে কোনো আগ্রহবোধ করি না। আমাদের উসখুস করতে দেখে তিনি বলেন,