পুপুর ভাবনা ও একটি সকাল
সব্বার আগে ঘুম ভাঙে পুপুর। আজকাল সে দরজা খোলার কায়দাটা শিখে গেছে। বসবার ঘরের সাইড টেবিলটা টেনে দরজার কাছে আনে। তারপর সেটার উপর দাঁড়িয়ে দরজার ছিটকিনি খোলে। দরজা খোলার সাথে সাথে ঘরের আবছা অন্ধকারে একসাথে ঝাঁপিয়ে পড়ে একরাশ আলো আর বাতাস। পুপু সেই আলো আর বাতাসে স্নান করে বারান্দায় গিয়ে দাঁড়ায়।
রেলিং এর সরু টানা টানা ফাঁকের মধ্যে ছোট্ট পা দুটি ঢুকিয়ে দিয়ে দু'হাতে রেলিং আঁকড়ে ধরে তার উপর চিবুক রেখে ও প্রতিদিনের পরিচিত দৃশ্যাবলী সাগ্রহে দেখে।