ছোটকাল থেকে জেনে আসছি পুরী হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান। তাই হিন্দু ধর্মাবলম্বীদের পুরী নিয়ে আগ্রহের শেষ নেই। পৌরাণিক শাস্ত্রে সারা ভারতে যে চারটি ধামের কথা উল্লেখ আছে, তার মধ্যে পুরী একটি। বাকি তিনটি হলো, দ্বারকা, বদরীনাথ এবং রামেশ্বরম। কিন্তু এ তিনটি ধাম হিন্দু ধর্মাবলম্বীদের যতটা আকর্ষণ করে তার চেয়ে বেশি করে পুরী।
এর মূলে রয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির। পুরী একদিকে তীর্থভূমি, পাশাপাশি স্বাস্থ্যকর স্থান। পুরীর গা ঘেঁষে বঙ্গোপসাগর। তার উত্তাল তরঙ্গ আর বিশুদ্ধ বাতাস এবং মনোরম পরিবেশ ভ্রমণ পিপাসুদের মন জয় করে। একদিকে ধর্মকর্ম অন্যদিকে • স্বাস্থ্য উদ্ধার, তাই প্রবাদ বাক্য দিয়ে বলা যায়-'পুরীতে গিয়ে কলা বেচা হয়, রথ দেখাও হয়'।