এ এক অলৌকিক দুয়ার— চিরায়ত বোধ, যা কখনও পুরনো হয় না, মলিন হয় না। আকণ্ঠ পান করুন— আক্ষেপহীন, ডুবে যান— যেহেতু অমরত্ব আপনার জন্য অপেক্ষা করছে।
অনুপস্থিতির প্রবল কিংবা দীর্ঘ মৌসুম কাটিয়ে তিনি ফিরে আসছেন। কে? কার্ল মার্কস? হু দ্যা হেল আর ইউ? হাঁটুন সেই অবিনশ্বর আগুনের উপর, যা আলোকিত করে কিন্তু পোড়ায় না।
সাম্য রাইয়ান, তিনি সময়কে ভাগ করেন— সংক্ষিপ্ত, ধারালো ভাষায়। চিন্তা ঘনীভূত হয়, আত্মমগ্নতার ফেনিল উৎসব জাগে হৃদয়ে। আমরা বহুদিন দেখিনি তাঁদেরকে— ‘হলুদ পাহাড়’, ‘বিগত রাইফেলের প্রতি সমবেদনা’, ‘মার্কস যদি জানতেন’ এবং ‘সুবিমল মিশ্র প্রসঙ্গে কতিপয় নোট’। ওয়ান্স আপন এ্যা টাইম... যারা বা যেগুলো হাতে হাতে ঘুরতো, মস্তিষ্কে দুর্বার আলোড়ন তুলতো— চারটি ক্ষুদ্র অথচ বিস্ফোরক অস্তিত্ব।
‘পুস্তিকাসংগ্রহ’ একটি সংকলন নয়, এ এক প্রত্যাবর্তন। কালের হতাশাকে ছিন্নভিন্ন করা এবং সম্ভাবনার মুখোমুখি দাঁড়াতে আমরা তাঁদেরকে ফিরিয়ে আনছি। এটা সেই আয়োজন— যা উৎকণ্ঠাকে প্রশ্ন করে, প্রশ্ন করার সাহস যোগায়। যাঁরা এই পুস্তিকাগুলো পড়েছেন কিংবা পড়েননি, পড়েছেন এবং হারিয়েছেন— তাঁদের জন্য এটি ফিরে পাওয়ার অথবা প্রথমবার জ্বলে ওঠার মুহূর্ত। দহন জোরদার হোক।
— মাহ্দী আনাম