"রাসুলের (সা.) স্মৃতির স্পর্শে" বইটি পবিত্র হজ সফরের গল্প নিয়ে হৃদয়ের গভীর থেকে উৎসারিত, অপার্থিব ও অতুলনীয় অনুভূতির নিবেদন। এটি শুধু ভ্রমণকাহিনি নয়; বরং নবিজির বর্ণময় জীবনের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে গিয়ে সেই সময়ের জীবনকে ছুঁয়ে দেখার এক সুতীব্র প্রচেষ্টা। রাসুলুল্লাহ (সা.)-এর কর্মময় দিনগুলোকে নিজস্ব অনুভবে ধারণ করার এক প্রাণান্তকর প্রয়াস এই গ্রন্থ।
তাঁর স্মৃতিধন্য ভূমিতে দাঁড়িয়ে পাঠক অনুভব করবেন-এই মাটিতেই হেঁটেছেন প্রিয় নবি (সা.); এখানেই কোনো একদিন বেজেছিল যুদ্ধের দামামা। এখানেই সংঘটিত হয়েছিল শৈশব-কৈশোর থেকে শুনে আসা সেইসব মহিমান্বিত ঘটনাগুলো।
লেখক অনুভব করেন-দেড় হাজার বছর পরে হলেও তিনি সৌভাগ্যবান, কারণ তিনি পৌঁছাতে পেরেছেন সেই পবিত্র ভূমিতে। স্পর্শ করতে পেরেছেন রাসুল (সা.)-এর রেখে যাওয়া স্মৃতিচিহ্ন। বালুময় উপত্যকায় অঝোর ধারায় ঝরেছে ভালোবাসার অশ্রু, আর সেই প্রেম রাসুল (সা.)-কে কেন্দ্র করে পৌঁছে গেছে সপ্ত আসমানে আসীন বিশ্ব অধিপতির দরবারে।