রয়েল বেঙ্গল রহস্য
(কিছু অংশ)
মুড়ো হয় বুড়ো গাছ হাত গোন ভাত পাঁচ
দিক পাও ঠিক ঠিক জবাবে ।
ফাল্গুন তাল জোড় দুই মাঝে ভুঁই ফোড়
সন্ধানে ধন্দায় নবাবে ৷
ফেলুদা বলল, ‘আমাদের এবারের জঙ্গলের ঘটনাটা যখন লিখবি তখন ওই ছ' লাইনের সংকেতটা দিয়ে আরম্ভ করিস।' সংকেতের ব্যাপারটা ঘটনার একটু পরের দিকে আসছে ; তাই যখন জিগ্যেস করলাম ওটা দিয়ে শুরু করার কারণটা কী, তখন ও প্রথমে বলল, 'ওটা একটা কায়দা । ওতে পাঠককে সুড়সুড়ি দেবে।' উত্তরটা আমার পছন্দ হল না বুঝতে পেরেই বোধহয় আবার দু' মিনিট পরে বলল, 'ওটা শুরুতে দিলে গল্পটা যারা পড়বে তারা প্রথম থেকে মাথা খাটাতে পারবে। '
আমি ফেলুদার কথা মতোই সংকেতটা গোড়ায় দিচ্ছি বটে, কিন্তু এটাও বলে দিচ্ছি যে মাথা খাটিয়ে বোধহয় বিশেষ লাভ হবে না, কারণ সংকেতটা সহজ নয়। ফেলুদাকে অবধি প্যাঁচে ফেলে দিয়েছিল। অবিশ্যি ও বুঝিয়ে দেবার পর ব্যাপারটা আমার কাছেও বেশ সহজ বলেই মনে হয়েছিল ।