ঘৃণা আর প্রতারণার পাথরে বেঁচে থাকে জটিল ব্যাকরণ!
বিস্ময়কর, তবু বেঁচে আছি। আমি একা? না, সঙ্গে কোটি কোটি মানুষ, এই কোটি কোটি মানুষের সঙ্গে বাস করছে অস্তিত্বহীন প্রাণময় এক যাদুর বাক্স- গল্প। কোথায় কখন কার করোটির খোপে জন্ম নেবে গল্প- অনুমান করা কঠিনতর। কোথাও কেউ অপেক্ষায় নেই গল্পের জন্য কিন্তু গল্প আসে পাপ থেকে, লাবণ্য থেকে, ঘৃণা থেকে, প্রেম থেকে, মিথ্যা থেকে, প্রতারণার রঙিন ফুল থেকে, কেউটে সাপের চুম্বন থেকে, জলের ঘূর্ণি থেকে, রাজনীতির রক্ত থেকে, পরকীয়ার সুখ থেকে, স্বপ্ন আত্মসাতের লেলিহান জিহ্বা থেকে, বাস্তচ্যুত নারীর কোমল আলিঙ্গন থেকে, কৃষকের লাঙলের ফলা থেকে, ধীবরের কেড়ে নেয়া জাল ও জলার হাহাকার থেকে, বেশ্যার ছলচাতুরির ছলা থেকে, শূন্য নদীর গোয়াল থেকে- গল্প আসেই।
রক্তাক্ত গ্লাসের গল্প- রক্ত পান করতে করতে, জল্লাদের সঙ্গে হাসতে হাসতে, ধাবমান অশ্বের বিরুদ্ধে দৌড়াতে দৌড়াতে, বড়শিতে বিদ্ধ মাছের মতো ঝুলতে ঝুলতে গল্পগুলো নিজেরাই হয়ে গেছে উড়ন্ত ঝাঁক ঝাঁক কাক।
গল্প প্রকৃতপক্ষে ব্যাস বা শূন্য সমিতি। এই আছে তো নেই- নেই ও আছে- দুইয়ের মাঝখানে ত্রিকোণোমিতির সুতোয় সেলাই হওয়া বোধ ও বুদ্ধিই গল্পের চরিত্র ও বুননমাত্রা। রক্তাক্ত গ্লাসের গল্প গল্প কিনা, সন্দেহ আছে, আছে ম্যাজিক পেরেকের সূত্রবয়ান। সব মিলিয়ে বা হারিয়ে শেষ পর্যন্ত রক্তাক্ত গ্লাসের গল্পরা... আদৌ গল্প কিনা, আমার সন্দেহ ক্রমশ বাড়ছে। শেষ ভরসা পাঠকেরাই।