২০২৪- এর জুলাইয়ে উৎকণ্ঠা ও উদ্বেগের একটি সকাল সমাপ্ত হতে না হতেই ফেসবুক পৃষ্ঠা ভেসে গেল রক্তের দাগে। দেশের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণবঙ্গের কোণায় কোণায় মায়ের বুক খালি হলো, হতাশগ্রস্থ পিতা চোখ মুছতে মুছতে মৃত সন্তানের দিকে তাকিয়ে রইলো। ঘাতকদের স্মরণ করে গালিও দিলো বেশ জোরেসোরে ‘শালা শুয়েরের বাচ্চারা এজন্যই কি ৫২, ৬৬, ৬৯ , ৭১-এ রক্ত ঝরিয়েছি?’ বৈষম্য সৃষ্টি করে আমাদের করেছ বিভক্ত। রাক্ষসের মতো হা করে গিলে ফেলেছ যত সম্পদ। হিসেব চাইছে সবাই। হিসেব চাইছিল সকল ছাত্রসমাজ। থরথর করে কাঁপছে সারা দেশ, চারিদিকে ভয় আর হতাশা। রক্তচোষা লুটেরাদের পাচাটা চামচার দল বেপরোয়া। হাতে প্রকাশ্য মারণাস্ত্র। তাদের সাথে যোগ দিয়েছে লাইসেন্সধারী প্রশাসনিক একদল গোলাম। কী হবে এবার? হয়তো দু-এক দিনের মধ্যেই রক্তের নদীতে স্নান করব সবাই।
কবিরের মনে প্রশ্ন উদিত হলো, ‘রক্তের কি কোনো দাম নেই, আর কত রক্ত চুষলে ওদের উদর ভরবে? আর কত রক্তের বিনিময়ে সম্পদের পাহাড় বানাবি তোরা? আর কত আর কত?’ এমন প্রশ্ন জাগানিয়া কষ্টে বিক্ষুব্ধ কবি আহম্মেদুল কবির সেই প্রেক্ষাপটে ‘রক্তের কত দাম’ একটি কবিতা লিখে প্রশ্ন ছুড়ে দিলেন, জানতেও চাইলেন- রক্তের কত দাম। এবারের ২০২৫-এর একুশে গ্রন্থমেলায় সেই কবিতার নামেই কবি আহম্মেদুল কবিরের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘রক্তের কত দাম’ প্রকাশিত হলো। কাব্যগ্রন্থটিতে কবি আহম্মেদুল কবিরের প্রেম, ভালোবাসা, ভালোলাগা, দ্রোহ বিদ্রোহ, স্বপ্ন আশা আকাক্সক্ষার মোট ৫২ টি কবিতা প্রকাশিত হলো। আশা করা হচ্ছে কবিতাগুলো পাঠকের ভালো লাগবে।