স্বরূপসন্ধানী আত্মপ্রত্যয়ী এক মহীয়সী নারীর সংগ্রাম ও সাধনার পূর্ণাঙ্গ ইতিবৃত্ত রোকেয়া সাখাওয়াত হোসেন : জীবন ও সাহিত্যকর্ম ।
উনিশ শতকের বাংলার নবজাগরণের সঙ্গে রোকেয়ার সংশ্লিষ্টতা নানা দিকে। কথিত ঐ নবজাগরণে মুসলিম পশ্চাদপদতার ঐতিহাসিক- সামাজিক-সাংস্কৃতিক পটভূমির যুক্তিপূর্ণ ও তথ্যবহুল আলোচনা এই গ্রন্থের গুরুত্বপূর্ণ দিক । সমাজ সংস্কারে, শিক্ষার প্রসারে, কুসংস্কার বিদূরণে এবং একই সঙ্গে সাহিত্য-সাধনার বিচিত্র পথে রোকেয়ার অভিযাত্রা ও সাফল্যের পরিচয় এ গ্রন্থে বিধৃত
রোকেয়ার ব্যক্তিসত্তা ও লেখকসত্তার বস্তুনিষ্ঠ উন্মোচনে, তাঁর সমকালীন পারিপার্শ্ব ও সময়ের বিশ্বস্ত ব্যাখ্যার সূত্রে তাঁর রচনাবলির নির্মোহ মূল্যায়নে এ গ্রন্থের তাৎপর্য গভীর। এক নিবিড় গবেষণার ফসল হিসেবে গ্রন্থটি রচিত বলে তথ্যের নির্ভরযোগ্যতা এবং প্রকাশের স্পষ্টতা এর অন্যতম বৈশিষ্ট্য ।
রোকেয়ার অগ্রন্থিত উল্লেখযোগ্য রচনার সংযোজন এই গ্রন্থের বিশেষ সমৃদ্ধি। রোকেয়া সাখাওয়াত হোসেন : জীবন ও সাহিত্যকর্ম বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়নে, অধ্যাপনায় ও গবেষণায় আকর গ্রন্থরূপে সমাদৃত।